জীবনের দাম নেই ‘বদি আলম’দের
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লোকজনের কাছে তাঁদের পরিচয় ‘বদি আলম’ হিসেবে। বিদ্যুতের সংযোগ দেওয়া, সংযোগ বিচ্ছিন্ন করা আবার পুনঃসংযোগ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো করানো হয় তাঁদের দিয়ে। এর জন্য দৈনিক কোনো মজুরি নেই। গ্রাহকদের দান-দক্ষিণাই তাঁদের ভরসা। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে গত বৃহস্পতিবার নগরের চকবাজার এলাকায় হাবিবুর রহমান নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। হাবিবুর রহমানের মরদেহ ময়মনসিংহ জেলার ত্রিশালের গ্রামের বাড়ি পাঠানোর জন্য চট্টগ্রাম পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী ও অন্য সচ্ছল কর্মীরা একটি মাইক্রোবাস ভাড়া করে দেন। কুলখানির জন্য কিছু টাকা তুলে দেন ভাইয়ের হাতে। কিন্তু তাঁর স্ত্রী ও অনাগত শিশুর জন্য কিছুই দেওয়া হয়নি। চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ব) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এটা খুবই দুঃখজনক তাঁদের জন্য আমরা কিছু করতে পারি না। তাঁদের চাকরি স্থায়ী না হওয়ায় সরকারের কাছ থেকেও তাঁরা কিছু পান না।’ জানা যায়, চট্টগ্রাম পিডিবিতে প্রায় এক হাজার ‘বদি আলম’ বিভিন্ন বিক্রয় ও বিতরণ বিভাগের অধীনে কাজ করেন। বদি আলমদের কাজ দুই ধরনের। বিদ্যুতের সংযোগ দেওয়া, সংযোগ বিচ্ছিন্ন করা। বিদ্যুৎ বিলের রিডিং নেওয়া ও বিল বিতরণ করার কাজটিও বদি আলমরা করেন। দ্বিতীয় কাজটি অনেকটা সহজ হলেও প্রথম কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। তা ছাড়া তাঁদের কাজ করতে হয় দিন-রাত। কোথাও ট্রান্সফরমার বিকল হলে পিডিবির স্থায়ী কর্মীদের সঙ্গে তাঁদের ছুটে যেতে হয়। গভীর রাতে কোথাও বিদ্যুতের তার বিচ্ছিন্ন হলেও বদি আলমদের কাজে লাগানো হয়। প্রাকৃতিক বিপর্যয়ের পর বিদ্যুতের লাইন পুনরায় মেরামত করার কাজটিও প্রধানত বদি আলমরাই করে থাকেন। এসব কাজ করে দেওয়ার বিনিময়ে গ্রাহকেরা কিংবা অফিসের কর্তা তাৎক্ষণিক যে টাকা দেন, তার সামান্য একটি অংশ পান বদি আলমরা। এর বেশির ভাগ নিয়ে নেন পিডিবির স্থায়ী কর্মীরা। ওই নগণ্য টাকার লোভেই দিন-রাত পরিশ্রম করেন তাঁরা। কোনো একদিন হেলপার কিংবা লাইনম্যান হিসেবে স্থায়ী চাকরি হবে বলে প্রকৌশলীরা আশ্বাস দেন। কিন্তু গত ২০ বছরেও কোনো বদি আলম পিডিবিতে স্থায়ী চাকরি পাননি। অভিযোগ রয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যুতের লোড বাড়ানো-কমানোর চিঠি দিয়ে টাকা আদায় করেন বিভিন্ন বিক্রয় ও বিতরণ কেন্দ্রের প্রকৌশলীরা। চিঠি দেওয়ার পর অতিরিক্ত লোডের জন্য টাকা না দিলে বদি আলমদের দিয়ে ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আবার টাকা পেলে সেই বদি আলমরাই পুনরায় সংযোগ দিয়ে আসেন কর্তা প্রকৌশলীর নির্দেশে। দ্বিতীয় কাজটি অর্থাৎ বিলের হিসাব (রিডিং) নেওয়া এবং গ্রাহকের কাছে বিল বিতরণ করার কাজের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পান তাঁরা। এ কাজটি তুলনামূলকভাবে ঝুঁকিমুক্ত। এ কাজ করার জন্য বিদ্যুৎ বিভাগের বৈধ মিটার রিডার রয়েছেন। তাঁরা নিজেরা তা না করে ‘বদি আলম’দের দিয়ে করিয়ে নেন। অনেক সময় কোনো কোনো গ্রাহকের নামে অতিরিক্ত বিল লেখারও অভিযোগ ওঠে। বিভিন্ন সময় পিডিবিতে জমা হওয়া অভিযোগ থেকে জানা যায়, বদি আলমরা মিটার রিডারের পক্ষ হয়ে গ্রাহকের কাছ থেকে নানা অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করেন। না দিলে অতিরিক্ত বিল তুলে দেন। যাঁরা এ ব্যাপারে সচেতন তাঁদের বিল পরবর্তী মাসে সংশোধন করা হয়। তা না হলে এ বিলের ঘানি গ্রাহককে টানতে হয়।