পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনির ভাড়াটে সন্ত্রাসী ও ক্যাডারদের হামলার আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার বিষয়টি প্রহসনমূলক বলে দাবি করলেন সাংসদের অনুসারীরা। গত মঙ্গলবার দুপুরে সাংসদের অনুসারী মো. রেজাউল করিম হাওলাদারের গলাচিপা আনন্দপাড়ার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে রেজাউল করিম বলেন, সংগঠন-পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মো. হারুন অর রশিদকে গত ৪ জানুয়ারি অব্যাহতি দেওয়া হয়েছে। সভার অপর এক সিদ্ধান্তে তাঁকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তাই হারুন অর রশিদ এখন আর নিজেকে দলের সভাপতি হিসেবে দাবি করতে পারেন না।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবিদার কাজী শহিদুল ইসলাম বলেন, তাঁরা কোনো সন্ত্রাসী লালন করেন না। বরং হারুন অর রশিদের অনুসারীরা একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছেন। তাঁরা যে জীবনের নিরাপত্তা দাবি করেছেন তা প্রহসনমূলক, নাটক। সম্প্রতি রেজাউল করিম ও তাঁকে সংগঠন-বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা কমিটির কারণ দর্শাও নোটিশ সম্পর্কে তিনি বলেন, চিঠির খামের ওপর তাঁদের পদ ও পদবি সঠিকভাবে লেখা হয়নি। তাই কৌশলগত কারণে তাঁরা তা গ্রহণ করেননি। এ বিষয়ে মো. হারুন অর রশিদ বলেন, দলের গঠনতন্ত্র অনুসারে উপজেলা কমিটি কোনো নেতা-কর্মীকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করতে পারে। কার্যকর করার ক্ষমতা কেন্দ্রীয় কমিটির হাতে। আর কেন্দ্রীয় কমিটি তাদের কমিটিকেই বৈধ বলে বিভিন্ন চিঠিতে উল্লেখ করছে।