জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান এবং জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান (মাসুম)।
গতকাল জেলা পুলিশ সুপারের কাছে ওই দুজন লিখিতভাবে এই আবেদন করেন। আওয়ামী লীগের নেতা ও সাংসদ শামীম ওসমান তাঁদের ‘মেরে ফেলার হুমকি দেওয়ার’ কারণেই আবেদনটি করেন তাঁরা।
আবেদনে উল্লেখ করা হয়, জেলা ও দায়রা জজ আদালতের শৌচাগারে গত বৃহস্পতিবার দুপুরে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেলে ওই দুই আইনজীবী জেলা আইনজীবী সমিতির নিচতলায় আলাপ করছিলেন। তখন শামীম ওসমান তাঁদের প্রতি আঙুল তুলে প্রকাশ্যে গালাগাল করেন। হুমকি দেন প্রাণনাশের।
আবেদনে আরও বলা হয়, তাঁরা দুই আইনজীবীই আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলায় বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করছেন। এতে ক্ষুব্ধ হয়ে শামীম ওসমান ও তাঁর লোকজন যেকোনো সময় তাঁদের জীবননাশসহ অন্যান্য ক্ষতি করতে পারেন।
তবে এই হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, শামীম ওসমান এলাকার সাংসদ। সাংসদের বিরুদ্ধে তাঁর অধীন কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিডি নেবেন না বলেই তাঁর ধারণা। তাই ঘটনাটি পুলিশ সুপারকে (এসপি) অবহিত করে নিরাপত্তা চাওয়া হয়েছে।
শামীম সমর্থকদের মিছিল: নারায়ণগঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের বিরুদ্ধে গতকাল শনিবার বিক্ষোভ-মিছিল করেছেন শামীম ওসমানের সমর্থক নেতা-কর্মীরা।
বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার থেকে মিছিলটি বের করা হয় যুবলীগ-ছাত্রলীগের ব্যানারে। ব্যানারে লেখা ছিল, ‘রাব্বি, হালিম ও রাজাকারপুত্র মাসুমের অশ্লীল বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল’। এতে অংশগ্রহণকারীরা সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম উচ্চারণ করে অশ্লীল স্লোগান দেন।
এর আগের দিন শুক্রবার বিকেলে মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র দেওয়া এবং তার হত্যাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে শহরে ত্বকী মঞ্চের সমাবেশ হয়।