জীবনের নিরাপত্তা চেয়ে হাসিনা দৌলার জিডি
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল শুক্রবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে তাঁর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় জেলা পরিষদের পক্ষ থেকে একটি জিডি করা হয়।
জিডির বিবরণে হাসিনা দৌলা বলেন, ‘বুধবার রাতে কাজ শেষে সরকারি গাড়িযোগে রাজধানী থেকে আশুলিয়ার কুটুরিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হই। ঘটনাটি আমার জন্য হুমকিস্বরূপ। আমি রাজনীতি করি, তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাকে রাজনীতি থেকে বিতাড়িত করতে এ হামলা করা হয়েছে। এ ছাড়া ধর্মীয় উগ্রবাদীরাও এ ঘটনা ঘটাতে পারে।’
জানতে চাইলে হাসিনা দৌলা গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকে আমার বাড়ির সামনে র্যাব ও পুলিশ বারবার টহল দিচ্ছে। কিন্তু এই নিরাপত্তা যথেষ্ট নয়। তাই সার্বক্ষণিক নিরাপত্তার দাবি জানিয়েছি।’