জীবনের নিরাপত্তা চেয়ে জিডি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সহকারী পরিচালক (নিরাপত্তা) প্রকৌশলী হাফিজুর রহমানকে দায়িত্ব পালনে বাধা দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ওই প্রকৌশলী নিজের নিরাপত্তা চেয়ে গত শনিবার হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, তিস্তা ব্যারাজ দিয়ে ২০ টনের অধিক ওজনের পণ্যবোঝাই পরিবহন বন্ধ করতে গেলে এ সমস্যার সৃষ্টি হয়। এক সপ্তাহ ধরে কর্তৃপক্ষ অতিরিক্ত ওজনের পণ্যবোঝাই পরিবহনগুলো ব্যারাজ দিয়ে পারাপার বন্ধ করে দেয়। এতে প্রভাবশালী একটি মহল ক্ষুব্ধ হয়। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় হাফিজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।