নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার দুই সাক্ষী জীবনের নিরাপত্তা চেয়ে বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একজন গতকাল রোববার, অন্যজন শনিবার ডায়েরি করে পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, শিক্ষক মিজান হত্যা মামলার সাক্ষী দিলারা আক্তার গত শনিবার ও তোজাম্মেল হক গত রোববার বাগাতিপাড়া থানায় দুটি পৃথক জিডি করেন। জিডিতে উভয়েই উল্লেখ করেন, ২১ নভেম্বর তাঁরা ওই মামলায় নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর পর থেকে মামলার প্রধান দুই আসামি আসিফ ও রাজনের পরিবারের লোকজন বাড়িতে এসে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিয়েছে। তারা সাক্ষীদের মারধর ও খুন-জখমের হুমকি দিয়েছে। এ কারণে তাঁরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। মুঠোফোনেও তাঁদের হুমকি দেওয়া হয়েছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাক্ষীরা পুলিশের কাছে তাঁদের জীবনের নিরাপত্তা চেয়েছেন।এদিকে ঘটনার সময় আসামি আসিফ ও রাজনের বহনকারী মোটরসাইকেলটি ত্রুটিমুক্ত ছিল কি না, তা পরীক্ষা করেছে বিআরটিএ নাটোর কার্যালয়। গতকাল বিআরটিএর পরিদর্শক সাইদুর রহমান এ-সংক্রান্ত প্রতিবেদনে মোটরসাইকেলটি ত্রুটিমুক্ত ছিল বলে উল্লেখ করেছেন। এই প্রতিবেদন মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার বাদীপক্ষের আইনজীবী সোহেল রানা বলেন, আসিফ ও রাজন গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁদের পক্ষের লোকজন সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছে। এর সূত্র ধরেই সাক্ষী দিলারা আক্তার ও প্রভাষক তোজাম্মেল হককে হুমকি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি আদালতকেও জানাব।মামলার তদন্তকারী কর্মকর্তা বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।