জীবনের পদে পদে ভেজাল: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শুধু খাদ্যে নয়, জীবনের পদে পদে ভেজাল। জীবন ভেজালে ভরা থাকলে খাবার ভেজালমুক্ত হবে না। সুস্থ জীবনের জন্য ভেজালবিরোধী আন্দোলনের পাশাপাশি মূল্যবোধের আন্দোলনও করতে হবে। রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গতকাল বুধবার জাতীয় জাদুঘরে ভেজালবিরোধী আন্দোলন নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, লোভের কারণে ভেজাল হচ্ছে। অতিলোভের উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি কোম্পানি কয়েক বছর আগে ফ্রান্সে চিংড়ি রপ্তানি করে স্বর্ণপদক পেয়েছিল। যে বছর পদক পেল, তার পরের বছরই তারা কালোতালিকাভুক্ত হলো। কারণ, লোভের কারণে চিংড়ির লেজে তারকাঁটা দিয়েছিল কোম্পানিটি। তিনি বলেন, টাকা ও জ্ঞানের অভাব নয়, আসলে সীমাহীন লোভের কারণে এসব হচ্ছে।
কৃষিমন্ত্রী বলেন, ছোটবেলায় শেখা ‘সদা সত্য কথা বলব’ এখন সমাজ থেকে উঠে গেছে।
অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (আইন) রোকন উদ্ দৌলা বলেন, যত দিন ঘুষ-দুর্নীতি বন্ধ না হবে, তত দিন ভেজাল বন্ধ হবে না। আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসরকারি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন উর রশীদ।