জীবনের ভয়ে সেই শিক্ষিকা ছুটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কালসীমাটি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরমা বসাক নিরাপত্তাহীনতায় ভুগছেন। জীবনের ভয়ে তিনি চার দিনের ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন। গত ২৮ জুলাই সকালে উপজেলার কালসীমাটি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাড়িদহ ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবু সাঈদ প্রধান শিক্ষক সরমা বসাককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি শেরপুর থানায় মামলা করেছেন। এ নিয়ে গত রোববার প্রথম আলোতে ‘প্রধান শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন যুবলীগ নেতা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার যুবলীগের ওই নেতা ও স্থানীয় কিছু লোক সরমা বসাকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।প্রধান শিক্ষক সরমা বসাক অভিযোগ করেন, আবু সাঈদ রাজনীতির সঙ্গে জড়িত ও প্রভাবশালী। লাঞ্ছিত করার পরও ওই নেতা তাঁকে জীবননাশের হুমকি পর্যন্ত দিয়েছেন। ভয়ে তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে গত রোববার থেকে আজ বুধবার ছুটি নিয়েছেন। প্রয়োজনে তিনি আরও ছুটি বাড়াবেন। পাশাপাশি ওই বিদ্যালয় থেকে দ্রুত অন্যত্র বদলি করার জন্য তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেছেন। তিনি আরও জানান, লাঞ্ছিত করার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন তাঁর বিরুদ্ধে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ বিষয়ে যুবলীগের নেতা আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।লাঞ্ছিত হওয়ার ঘটনা তদন্তে রোববার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার ওই বিদ্যালয়ে আসেন। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা এবং যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁরাও সেখানে উপস্থিত ছিলেন। এ খবর জানতে পেরে মামলার তদন্ত কর্মকর্তা সংবাদ পেয়ে সেখানে যান। কিন্তু তিনি সেখানে যাওয়ার আগেই আসামিরা পালিয়ে যায়।