জীবনের মূলমন্ত্র হবে দেশপ্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিশ্বে আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯০ শতাংশই হয় সমুদ্রপথে। নৌপরিবহনের গুরুত্বও দিনে দিনে বাড়ছে। একই সঙ্গে বেড়েছে দেশ-বিদেশের জাহাজে মেরিন একাডেমির ক্যাডেটদের কর্মসংস্থানের সুযোগ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ৫০তম ব্যাচের ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী ক্যাডেটদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে জীবনের মূলমন্ত্র হবে দেশপ্রেম।
এ বছর মেরিন একাডেমি থেকে ক্যাডেট হিসেবে উত্তীর্ণ হয়েছেন ২৯১ জন। এ পর্যন্ত গ্র্যাজুয়েশন করেছেন ৪ হাজার ৭১ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িত থাকা পাকিস্তানি সেনাদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান। কিন্তু তাদের ফিরিয়ে নিলেও বিচার করেনি। পাকিস্তান তাদের দেওয়া কথা রাখেনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আব্দুল বাতেন, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভুঁইয়া, মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম, আনোয়ারার ইউএনও মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য মো. সায়মন ইসলাম, শেখ আবীর হাসান, সৈয়দ আলবাব হাসান, মো. সাখাওয়াত হোসেন, মেমী আফরোজ, তাসনিমুল বাহার, জামিউল আলম, রিদোয়ান সাজিদ, সাজ্জাদ হোসেন, রবিউল হাসান ও ফারজানা ইয়াসমিনের হাতে পদক তুলে দেন।