জীবনের মোড় ঘুরিয়েছে হাঁস

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় ফুলজোড় নদীর যে অংশে এই শুষ্ক মৌসুমেও পানি আছে, সেখানে শুধুই হাঁসের কলরব। নদীর ওই অংশজুড়ে চোখে পড়বে শুধু হাঁস আর হাঁস। শুকনো মৌসুমে পাশের তাড়াশ উপজেলার কয়েকজন খামারি তাঁদের হাঁসগুলো এখানে এনেছেন।
গত বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী ও হাঁসের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাঁস কীভাবে তাঁদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের ভাদাস গ্রামের ইসমাইল হোসেন। তিনি বলেন, সংসারে অভাব লেগেই থাকত। বছর পনেরো আগে শেষ পর্যন্ত তিনি হাঁস পালন শুরু করেন। প্রথমে মাত্র ১০টি হাঁস কিনে বাড়িতেই পালতেন। ডিম আর হাঁস বিক্রি করে ওই বছর তাঁর ভালোই লাভ হলো। এখন তাঁর খামারে হাঁস আছে ৩১২টি।
হাঁস পালনে ইসমাইলের সফলতা দেখে পরিচিত অনেকেই হাঁস পালন শুরু করেন। তাঁদের মধ্যে একই গ্রামের আবদুর রাজ্জাক, পাশের দীঘিসগুনা গ্রামের মনির হোসেন ও সান্তন গ্রামের আলী আশরাফ এখন হাঁসের সফল খামারি। তাঁরা চারজন এখন একসঙ্গে হাঁস পালন করছেন। এই শুকনো মৌসুমে আর কোথাও পর্যাপ্ত পানি না পেয়ে চারজন মিলে নিজেদের ১ হাজার ৩০০ হাঁস নিয়ে আস্তানা গেড়েছেন ফুলজোড় নদীর ধানগড়া এলাকায়।
গত মাঘ মাসে চার খামারি এখানে এসেছেন। নদীর এই অংশে হাঁসের খাবার শামুক ও ঝিনুক প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই হাঁসেরাও এখানে থাকতে পছন্দ করে বলে জানান তাঁরা। নদীর পাড়েই ঘর বানিয়ে থাকছেন তাঁরা। হাঁসগুলোর দেখভাল করতে পরিবারের সবাইকে ছেড়ে এই বিরানভূমিতে এসে রয়েছেন চার খামারি। কারণ, এই হাঁসই তাঁদের জীবনে এনে দিয়েছে সফলতার স্বাদ।
মনির হোসেন, আবদুর রাজ্জাক ও আলী আশরাফ বলেন, মাস খানেক পরে তাঁরা হাঁস নিয়ে বাড়ি ফিরবেন বলে জানান। রোগবালাই ছাড়াও নানা ক্ষতির হাত থেকে বাঁচাতে হাঁসগুলো সব সময় চোখে চোখে রাখতে হয়। প্রতিদিন ভোরে গুনে গুনে হাঁস ছাড়েন তাঁরা। আবার সন্ধ্যায় গুনে গুনে ঘরে তুলতে হয়।