জীবনযুদ্ধের ছোট ছোট গল্প 'আমি এবং তাহারা'

‘বইটি পড়ে মজা পাবেন ১০০ শতাংশ’—এমন গ্যারান্টি যখন কেউ দেয়, তখন আর বইটি না পড়ে এড়িয়ে যাওয়া যায় না। এমন গ্যারান্টি দিয়েই জীবনযুদ্ধের ছোট ছোট গল্প সাজিয়ে পাঠককে একটি বই উপহার দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী লেখক তাহমিনা আমীর। জীবনের হাসি-কান্নাসহ নানা ঘটনা নিয়ে লেখা এই বই ‘আমি এবং তাহারা’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে গুলশানের দ্য মিরেজ রেস্টুরেন্টে বইয়ের মোড়ক উন্মোচন করেন লেখক তাহমিনা আমীর, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ব্যান্ড দল মাইলসের অন্যতম ভোকাল হামিম আহমেদ ও প্রকাশক তন্ময়। ছোট্ট পরিসরে সাজানো অনুষ্ঠানটি পরিচালনা করেন তাহমিনা আমীরের বন্ধু সাইদ সিদ্দীক।
পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে আয়োজিত এই আনন্দ অনুষ্ঠানে আনিসুল হক বলেন, তাহমিনা আমীর হাসির মধ্যে দিয়ে অনেক ‘সিরিয়াস’ কথা বলেন। প্রবাস জীবনের নানা মুহূর্তে তাঁর জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা-ই ফুটে উঠেছে বইটিতে। টুকরো ঘটনাগুলো তিনি গল্পের মতো ছোট ছোট করে লিখেছেন। লেখাগুলো সাবলীল ও ছোট হওয়ায় পাঠকেরা পড়বেন। বইটির অনেক লেখা পড়ে পাঠকেরা হেসে ফেলবেন, আর পাঠক যদি হাসেন তবে সেটাই হবে লেখকের বড় প্রাপ্তি।
অনুষ্ঠানে হামিম আহমেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহমিনা আমীরের লেখা পড়েই আমি এই লেখকের ভক্ত হয়েছি। আমি গল্প, সাহিত্য তেমন পড়ি না। কিন্তু তার ছোট্ট ছোট্ট লেখা পড়ে বই পড়ায় আগ্রহী হয়েছি। আশা করি পাঠকদের বইটি ভালো লাগবে।
লেখক তাহমিনা আমীর বলেন, বইটি যদি পড়া শুরু হয় মনে হবে একটি গাড়ি চলতে শুরু করেছে। যার চালক আশি মাইল বেগে গাড়ি চালাচ্ছেন। কিন্তু হঠাৎ করে পায়ে ব্রেক কষেছেন। গাড়ি আচানক মাঝ রাস্তায় থেমে গেছে। এখন কি হবে? জীবনের এমন ঘটনা নিয়েই বইটি লিখেছি।
আগামী একুশে বইমেলা (২০১৬) উপলক্ষে তাহমিনা আমীরের ‘আমি এবং তাহারা’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বর্ষা দুপুর ও প্রচ্ছদ এঁকেছেন সৈয়দ তুহিন।