জীবনের রঙে অমিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১০ নম্বর সেকশনের ঝুটপট্টিতে ঝুট বাছাইয়ে ব্যস্ত শ্রমিকেরা l ছবি: প্রথম আলো
মিরপুর ১০ নম্বর সেকশনের ঝুটপট্টিতে ঝুট বাছাইয়ে ব্যস্ত শ্রমিকেরা l ছবি: প্রথম আলো

টিনের চালা, চারপাশের বেড়াও টিনের। মাটিতে বিছানো প্লাস্টিকের ম্যাট। সেখানে জড়ো করা বিভিন্ন রঙের টুকরো কাপড়। সে কাপড়গুলো রঙের সঙ্গে মিলিয়ে আলাদা করছেন কয়েকজন নারী-পুরুষ।

মিরপুর ১০ নম্বর সেকশনের ঝুটপট্টির চিত্র এটি। এখানকার সব দোকানের চিত্র কমবেশি একই রকম। পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড় ঝুট নামে পরিচিত। এই ঝুট থেকে তুলা, জিনসের প্যান্টের পকেট, শিশুদের পোশাক, পাপোশসহ নানান জিনিস তৈরি করা হয়।

ঝুট ব্যবসার জন্য জায়গাটি সুপরিচিত। মূল পরিচয় অ্যাভিনিউ-১ ঢাকা পড়েছে ঝুটের দাপটে। গত সোমবার সেখানে গিয়ে দেখা যায়, প্রতিটি দোকানে ঝুটের বস্তা স্তূপ করে রাখা। তার একপাশে বসে ঝুট বাছাইয়ের কাজ চলছে। ঘরময় উড়ছে সুতোর ছোট ছোট অংশবিশেষ ও ধুলা। সেখানে কাজ করা নারী-পুরুষের চুল, শরীর সাদাটে হয়ে আছে। থেমে থেমে কাশছেন তাঁরা। কেউ কেউ শরীর চুলকাচ্ছেন। শ্রমিকদের কাউকে মাস্কও ব্যবহার করতে দেখা যায়নি।

২০ বছর ধরে ঝুট বাছাইয়ের কাজ করছেন ৫৮ বছরের সাফিয়া খাতুন। তিনি বলেন, ‘সব সময় গা চুলকায়। রাইতে ঘুমাইতেও পারি না।’ তিনি কাশির সমস্যাতেও ভুগছেন। তাঁর কথার রেশ টেনে মো. রফিক নামের আরেকজন শ্রমিক বলেন, ‘এই কাম করলে কাশের ব্যারাম, হাঁপানি হইবই।’

মো. রফিকের বাবাও ঝুট বাছাইয়ের কাজ করতেন। তিনি এখন হাঁপানির রোগী। ছোট শিশুরা মায়ের সঙ্গে এই পরিবেশেই থাকে। আড়াই বছরের সোবহানকে নিয়ে কাজ করতে দেখা যায় নিলুফা খানম নামের এক নারীকে।

ঝুটপট্টিতে কাজ শুরু হয় সকাল ৭টায়, চলে সূর্যাস্ত পর্যন্ত। নারী কর্মীদের মাসিক আয় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে। তবে পুরুষদের আয় কম-বেশি ১০ হাজার টাকা। দৈনিক ভিত্তিতে মজুরি হওয়ায় অসুস্থ হলে বেশ বিপাকে পড়তে হয় তাঁদের।

এই আয়ে সংসার চালাতে বেশ কষ্ট হয় ঝুটপট্টির শ্রমিকদের।

কর্মচারীদের দুপুরে মেলে এক ঘণ্টা খাওয়ার বিরতি। অনেকে প্লাস্টিকের বাটিতে ভাত-তরকারি নিয়ে আসেন। আর কাছাকাছি বাসা হলে খাওয়ার কাজটা বাসাতেই সেরে আসেন। এমনই একজন রাহেলা বেগম। তিনি ঝুটপট্টির পেছনে আদম আলীর বস্তিতে থাকেন। শুধু রাহেলা নন, ঝুটপট্টিতে কাজ করা মানুষদের কাছাকাছি বস্তিতেই বাস।

ঝুট বাছাই বা পরিষ্কারের সঙ্গে নিয়োজিত লোকজন দারিদ্র্যেদের সঙ্গে লড়াই করে করে হাল ছেড়ে দিয়েছেন। মেনে নিয়েছেন নিয়তি। সাফল্য বা উন্নতির আকাঙ্খাও অবশিষ্ট নেই।

অনেক অনুযোগ-অভিযোগ থাকার পরেও রোজ তাঁরা টুকরো কাপড়ের রং মিলিয়ে যান, যদিও তাঁদের জীবনের রং কখনোই মেলে না।