একে তো প্রবীণ দিবস, তার ওপর ৯৭তম জন্মদিন। বাড়িভর্তি তাই লোকজনের আনাগোনা। প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার কলাবাগানের দোতলা বাড়িতে উৎসবের আবহ। স্ত্রী-সন্তানেরা আগত ব্যক্তিদের আপ্যায়নে ব্যস্ত। নিজে অতিথিদের সঙ্গে কথা বলছেন, ফাঁকে ফাঁকে মনে করিয়ে দিচ্ছেন, ‘খেয়েছ তোমরা?’ ‘মিষ্টি না খেয়ে যাবে না কিন্তু...’।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতিসংঘ সমিতি তিনজন প্রবীণ ব্যক্তিকে সম্মাননা জানায়। এর মধ্যে আ ক ম যাকারিয়া একজন। অন্য দুজন হলেন ভাষাসৈনিক আহমদ রফিক ও ঢাকা আর্ট স্কুলের প্রথম ব্যাচের ছাত্রী চিত্রশিল্পী মোহসিনা আলী। প্রত্যেকেই সমাজে আরও অবদান রেখে যাওয়ার কথা বলেন, দেখে যেতে চান, অন্যরাও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন।
দিবসটি উপলক্ষে ২০০৪ সাল থেকে প্রতিবছর তিনজন করে প্রবীণ নাগরিককে সম্মাননা জানিয়ে আসছে বাংলাদেশ জাতিসংঘ সমিতি। অন্য কয়েকটি সংগঠনও প্রবীণ দিবস উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করে।
জাতিসংঘ সমিতির সম্মাননা পেয়ে আ ক ম যাকারিয়া বলেন, ‘যত দিন বেঁচে আছি, জ্ঞানচর্চার মধ্যে থাকতে চাই। এখনো আমি লেখালেখি করতে চাই।’
এরপর জাতিসংঘ সমিতির সদস্যরা যখন ভাষাসৈনিক আহমদ রফিকের বাসায়, তখন সন্ধ্যা হয়ে এসেছে। বসার ঘরে আঁটসাঁট পরিবেশেই তাঁকে ক্রেস্ট, ফুল আর বই উপহার দেওয়া হলো। ৮৭ বছর বয়সী এই প্রবীণের ‘শতায়ু’ কামনা করেন সংবর্ধনাদাতারা। আর আহমদ রফিক আশাবাদ ব্যক্ত করেন, জাতিসংঘ সমিতি আরও বেশি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হবে।
আহমদ রফিক বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশে ধনিক শ্রেণির যে বিকাশ হয়েছে, সেই তুলনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সামাজিক ক্ষেত্রে উন্নয়ন তেমন হয়নি। এটি বাঙালিদের জন্য দুর্ভাগ্যজনক। তাঁর সঙ্গে খোশগল্পে উঠে আসে ব্যক্তিগত নানা স্মৃতি। আক্ষেপের সুরে আহমদ রফিক বলেন, ভাষা আন্দোলনের সময় একটি ব্লাডব্যাংক থাকলে আবুল বরকত আর আবদুল জব্বার মারা যেতেন না।
পরে সমিতির সদস্যরা বনানীতে মোহসিনা আলীর বাসায় গিয়ে তাঁকেও একইভাবে শ্রদ্ধা জানান। মোহসিনা আলী ছিলেন ঢাকা আর্ট স্কুলের প্রথম দিককার ছাত্রী। তাঁর বয়স ৯৮ বছর। সম্মাননা জানাতে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ, সহসভাপতি সেলিনা খালেক, কোষাধ্যক্ষ অধ্যাপক মনসুর মুসা প্রমুখ। তবে সংগঠনটির সভাপতি বিচারপতি কাজী এবাদুল হকও উপস্থিত ছিলেন আ ক ম যাকারিয়ার বাসায়।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গতকাল সমাজসেবা অধিদপ্তর ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অফিসার্স ক্লাবে হয় প্রীতি সমাবেশ ও র্যা লি।