জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার নিয়ামক হচ্ছে গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণিত হচ্ছে যৌক্তিকতা। কেন, কী কারণে, কীভাবে একটি সমস্যার সমাধান হলো—তা যদি আমরা অনুধাবন করতে পারি, তা হলে গণিত শেখার কাজ অনেক সহজ হয়ে যায়। জীবনে সব ক্ষেত্রেই প্রতিষ্ঠিত হওয়ার নিয়ামক হচ্ছে গণিত। গণিত জানলে জীবনে চলার পথ অনেক মসৃণ হয়ে যায়।’গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত গণিত উৎসবে বক্তারা এ কথা বলেন। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এ স্লোগানে উৎসবের আয়োজন করেন গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষে বুয়েট, চুয়েট ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০০৯ ব্যাচের শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষক আমীরুল মোস্তফা, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিভাগের শিক্ষক রঞ্জিত কুমার দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সদস্য ফরহাদ মহসীন ও ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে রৌপ্য পদক জয়ী ধনঞ্জয় বিশ্বাস।উৎসবে ‘ক’ বিভাগে নিম্নমাধ্যমিক (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী) শ্রেণী এবং ‘খ’ বিভাগে মাধ্যমিক পর্যায়ের (নবম ও দশম শ্রেণী) শিক্ষার্থীরা অংশ নেয়।গতকাল সকাল থেকে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গণিত উৎসব উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা বসে। এক ঘণ্টার লিখিত পরীক্ষার পর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরীক্ষার মাধ্যমে ‘ক’ ও ‘খ’ বিভাগ থেকে ২৫ জন করে ৫০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এর মধ্যে উভয় বিভাগ থেকে একজন করে প্রথম ও দ্বিতীয় এবং দুই বিভাগ মিলে একজনকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়। ‘ক’ বিভাগে ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের আকিবা মুশতারী প্রথম ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের মাশরুর মুনতাসীর দ্বিতীয় স্থান লাভ করে। অপর দিকে ‘খ’ বিভাগে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের এস এম আহসানুল কবীর প্রথম ও আসিফ আনজুম খান দ্বিতীয় হয়েছে।আর দুই বিভাগ মিলে শ্রেষ্ঠ স্থান লাভ করেছে চট্টগ্রাম গ্রামার স্কুলের দিব্য প্রণয় ভট্টাচার্য। গণিত উৎসবে নগরের বিভিন্ন বিদ্যালয়ের মোট ৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ৫০ জন বিজয়ীকে নিয়ে আগামী সপ্তাহে চট্টগ্রামে জেলা গণিত ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।