জীবনের সুবাস পাচ্ছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা কারাগার। স্বামী শাহীন মিয়া (৩৭) পুরুষ সেলে বন্দী। স্ত্রী সজনী (৩৪) নারী সেলে। একমাত্র মেয়ে সানু (১০) থাকে খালার বাসায়।
যাবজ্জীবন সাজার মাত্র চার মাস খেটেছেন এ দম্পতি। কিন্তু ছোট একটি ঘটনায় নতুন মোড় নিতে শুরু করল। সপ্তাহ দুয়েক আগে হাজতিদের খোঁজখবর নিতে কারা পরিদর্শনে যান জামালপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম। এ সময় কে, কোন অপরাধে বন্দী, জানতে চান তিনি। প্রশ্নটা শুনেই কান্নায় ভেঙে পড়েন সজনী। বলেন, ‘স্যার! আমাকে, আমার স্বামীকে আর বাচ্চাটাকে বাঁচান। বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আমার ও আমার স্বামীর।’
পুরো ঘটনা জানতে চান পুলিশ সুপার। সব শুনে তিনি কথা দেন সত্য উদ্ঘাটনের। শেষ পর্যন্ত তা-ই হলো। যে গৃহপরিচারিকাকে হত্যার দায়ে ওই দম্পতির যাবজ্জীবন সাজা হয়েছে, তদন্তে বেরিয়ে এল তিনি গুম বা খুন কোনোটাই হননি। দিব্বি বেঁচে আছেন, সংসার করছেন।
গৃহপরিচারিকার বাবার দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহীন মিয়া শ্রীমঙ্গলেই ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। স্ত্রী আর মেয়ে সানুকে নিয়ে ছিল তাঁদের সংসার। ২০০৪ সালের মার্চের দিকে তাঁদের গৃহপরিচারিকা নয় বছরের লাকী বাসা থেকে পালিয়ে যায়। লাকীর বাড়ি শ্রীমঙ্গলে। লাকীর বাবা তরাজ মিয়া (৫২) মেয়েকে ফিরিয়ে দিতে চাপ দেন এই দম্পতিকে। ওই বছরের ২৩ এপ্রিল তিনি শাহীন-সজনীকে আসামি করে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে গুম ও হত্যা মামলা দায়ের করেন।
মামলার খবর পেয়ে শাহীন চাকরি ছেড়ে জামালপুর শহরের মুকুন্দবাড়ি মহল্লায় নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন। মামলায় হাজিরা দেননি, খোঁজও নেননি। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করেন শ্রীমঙ্গলের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহাম্মেদ। ২০০৪ সালের ২৭ নভেম্বর তদন্ত প্রতিবেদন দেন তিনি। আসামিদের অনুপস্থিতিতে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. ফজলুর রহমান ২০০৭ সালের ১৩ আগস্ট শাহীন-সজনীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই রায়ের ভিত্তিতে ছয় বছর পর গত ৩০ জুলাই পুলিশ তাঁদের জামালপুর শহর থেকে গ্রেপ্তার করে।
লাকীর খোঁজে পুলিশ: এসপি নজরুল ইসলাম জানান, সজনী তাঁকে শুধু লাকীর নামটি বলেছিলেন। আর বলেছিলেন, শ্রীমঙ্গলের কাছাকাছি কোথাও লাকীর বাড়ি। তিনি মৌলভীবাজারের এসপির সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা তথ্য অনুসন্ধান করে জানতে পারেন, লাকী আছেন হবিগঞ্জের বাহুবলে। তারপর হবিগঞ্জ পুলিশের সহায়তায় জানা যায়, সেখানে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে বিয়ে করে সংসার করছেন লাকী। বাবা তরাজও সেখানে আছেন।
এ অবস্থায় গত রোববার শাহীনের খালু সানাউল হাসান বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেন। ওই দিনই লাকী ও তাঁর বাবাকে বাহুবল থেকে গ্রেপ্তার করে জামালপুরে আনা হয়। বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়।
এর আগে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে লাকী সাংবাদিকদের কাছে দাবি করেন, বাসা থেকে পালিয়ে যাওয়ার পর বাবার সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি। বাবার অনুপস্থিতেই জসিম উদ্দীনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁকে খুঁজে না পেয়েই বাবা মামলা করেছিলেন।
তরাজ মিয়ার দাবি, ২০০৭ সালে মামলার রায় ঘোষণার এক বছর পর মেয়েকে খুঁজে পেয়েছিলেন তিনি।
মুক্তির দাবি: সজনীর ছোট বোন রজনী তাঁর বোন ও ভগ্নিপতিকে দ্রুত মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জামালপুরের কারাধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, এটা আদালতের বিষয়। আদালতের মাধ্যমে তাঁরা নির্দোষ প্রমাণিত হলে মুক্ত হয়ে যাবেন।
জামালপুরের এসপি নজরুল ইসলাম বলেন, ‘মিথ্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুটি জীবনকে মুক্ত করা, আর একটি শিশুর জীবন বিকশিত হওয়ার পথ উন্মোচন করতে পেরে আমি আনন্দিত।’

[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন]