
লাগাতার অবরোধে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হচ্ছেন সাধারণ মানুষ। প্রাণও হারাচ্ছেন কেউ কেউ। এই তালিকায় যোগ হলেন আরও দুজন। রংপুর মেডিকেলে মারা গেছেন ট্রাকচালকের সহকারী আবদুর রশীদ, ঢাকা মেডিকেলে মারা গেছেন ট্রাকচালক বকুল দেবনাথ।
৩৫ লাখ টাকা ঋণ নিয়ে ট্রাক কিনেছিলেন বকুল দেবনাথ (৩৫)। অবরোধের কারণে দিনে ট্রাক চালাতে পারছিলেন না। চারজনের সংসারের খরচ। বাড়ছিল ঋণ পরিশোধের চাপ। তাই আয়ের জন্য গভীর রাতে ট্রাক চালাতেন। ১৯ জানুয়ারি রাতেও ট্রাক চালাচ্ছিলেন। কিন্তু ওই রাতে পেট্রলবোমা হামলায় জীবন ও জীবিকার অবলম্বন ট্রাক—দুই-ই হারালেন বকুল।
সিলেটের ট্রাকচালক বকুল চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ভেঙে গিয়েছিল বাঁ পা, মাথায়ও আঘাত পেয়েছিলেন বকুল।
বকুলের স্ত্রী নীলিমা দেবনাথ (৩৫) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। স্ত্রী, চার বছরের ছেলে নিলয় ও ছোট ভাই রন্টু দেবনাথকে (৩০) নিয়ে বকুলের পরিবার। রন্টু কাঁচামালের ব্যবসা করলেও বকুলের আয়েই চলত সংসার।
বকুলের মরদেহ নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে রন্টু বসে ছিলেন নিথরের মতো, পাশে দাঁড়িয়ে ছিলেন বোনজামাই কৌশিক চন্দ্র নাথ। কাছে গিয়ে দাঁড়ালে রন্টু বলেন, ‘সব পুড়ে ছাই। ভাইটাও ছাই হলো, ওঁর ট্রাকটাও। পাহাড় সমান ঋণ বাজারে।’ কৌশিক বলেন, ‘কী করবে বকুলের বউ-ছেলে? দ্বারে দ্বারে হাঁটবে আর ভিক্ষে করে বেড়াবে? রাজনৈতিক ফায়দার জন্য দু-চার দিন এ-দল ও-দল কথা বলবে। আপনারাও বলবেন। তারপর সব ভুলে যাবেন।’
১৯ জানুয়ারি রাত দুইটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় বকুলের বালুবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলা হয়। অচেতন অবস্থায় তাঁকে কেউ নিয়ে আসেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। অবস্থার উন্নতি না হওয়ায় প্রায় ৪৮ ঘণ্টা পর তাঁকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছিল।
সিলেটের ওসমানীনগর উপজেলার শশারকান্দি গ্রামে বকুলদের বাড়ি। বাড়িতে খবর পাওয়ার পর থেকেই নীলিমা কাঁদছেন।