জীবপ্রযুক্তি নিয়ে ঢাকায় আজ সম্মেলন শুরু

স্বাস্থ্য ও কৃষিতে জীবপ্রযুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আজ শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে শুরু হতে যাচ্ছে।
দুই দিনের এ সম্মেলনের আয়োজন করেছে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশি জীবপ্রযুক্তিবিদদের সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি)। সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করা হয়েছে। এর আগে ২০০৭ সালেও এমন সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
আয়োজকেরা জানান, দেশি-বিদেশি চার শতাধিক জীবপ্রযুক্তিবিজ্ঞানী সম্মেলনে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে প্রবাসী বাংলাদেশি ছাড়াও যুক্তরাজ্য, জাপান, ভারত, মালয়েশিয়া ও নেপালের জীবপ্রযুক্তিবিদও থাকছেন।
সম্মেলন আয়োজক কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক জেবা ইসলাম সিরাজ প্রথম আলোকে বলেন, দেশি-বিদেশি জীবপ্রযুক্তিবিদদের মধ্যে বিভিন্ন বিষয়ে ধারণা আদান-প্রদান এবং সহযোগিতা বিনিময় যেন হয়, সে লক্ষ্যেই এ সম্মেলন আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশে জীবপ্রযুক্তিনির্ভর সমাধান কীভাবে করা হয়েছে, সে বিষয়ে সরকারের নীতিনির্ধারকেরাও এখান থেকে ধারণা নিতে পারবেন।