জীববিজ্ঞান প্রশ্নে বিভ্রাট, উদ্বেগে পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি প্রশ্নে বিভ্রাট সৃষ্টি হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত ওই পরীক্ষায় ৭ নম্বরের এই প্রশ্নে বিভ্রাট হওয়ায় সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রের কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক জানান, সকাল ১০টায় এ কলেজ কেন্দ্রে কুষ্টিয়া সরকারি কলেজসহ আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়। প্রশ্ন হাতে পেয়ে তারা দেখতে পায়, ক সেটের ১ নম্বর প্রশ্নের (এ) চিহ্নিত চিত্রটি অনেকের লুফিং এবং (বি) চিহ্নিত চিত্রটি সমারসল্টিং। কিন্তু একই সেটের প্রশ্নে অনেকের (এ) চিহ্নিত চিত্রটি সমারসল্টিং এবং (বি) চিহ্নিত চিত্রটি লুফিং। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। এ সময় পরীক্ষার্থীরা বিষয়টি কেন্দ্রের শিক্ষকদের জানায়। পরীক্ষা শেষে বাইরে এসে তারা ঘটনাটি অভিভাবকদের জানায়।
কয়েকজন অভিভাবক এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন হলে অনেকেই হয়তো জিপিএ-৫ পাবে না।
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ নওয়াব আলী জানান, বিষয়টি যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে। তিনি প্রশ্ন দুটি পাঠাতে বলেছেন। নিয়ন্ত্রক তাঁকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সবাই নম্বর পাবে বলে তিনি আশ্বস্ত করেছেন।