জীববিজ্ঞান স্কুলের পরীক্ষা আবার অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিন নিয়োগের বৈধতা নিয়ে শিক্ষকদের মধ্যে বিভক্তি ও একাংশের অসহযোগিতার কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের (অনুষদ) অধীন সাতটি ডিসিপ্লিনের টার্ম ফাইনাল পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। কাল বুধবার এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৩ জুন নির্ধারিত পরীক্ষা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফায়েক উজ্জামান বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, শিক্ষকেরা সহযোগিতা করলে পরীক্ষা নেওয়া যাবে। অন্যথায় সম্ভব হবে না।’ পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান আবুল কালাম আজাদ বলেন, ‘সমীর কুমার সাধু দুই মাস আগে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে উপাচার্য ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব নিলে সব সমস্যা শেষ হয়ে যাবে এবং পরীক্ষাও শুরু হবে।’ মো. ফায়েক উজ্জামান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আমি ডিনের দায়িত্ব নিতে পারছি না। আদালত ডিন নিয়োগের ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন। ব্যাখা দেওয়ার পরে যদি আদালত আমাকে দায়িত্ব নিতে বলেন, সে ক্ষেত্রে আমি দায়িত্ব নিতে পারি।’ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, জীববিজ্ঞান স্কুলে পছন্দমতো ডিন নিয়োগ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় আইনের একটি ধারার ব্যাখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সমস্যার সৃষ্টি হয়। জীববিজ্ঞান স্কুলের ডিন মিজানুর রহমান ভূঁইয়ার মেয়াদ শেষ হলে নতুন ডিন নিয়োগে উপাচার্য উদ্যোগ নেন। তখনই এই ধারার ব্যাখ্যা নিয়ে বিতর্ক শুরু হয়।
বিতর্ক এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনের এ ধারার ব্যাখ্যা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়। মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যার ভিত্তিতে গত ৭ মার্চ জীববিজ্ঞান স্কুলের আওতাভুক্ত ফার্মেসি ডিসিপ্লিনের জ্যেষ্ঠতম অধ্যাপক সমীর কুমার সাধুকে ডিন নিয়োগ করা হয়। কিন্তু ওই স্কুলের সাতটি ডিসিপ্লিনের ১২০ জন শিক্ষকের একাংশ (৮০ জন) ওই নিয়োগের বিরোধিতা করেন। তাঁদের দাবি, জীববিজ্ঞান স্কুলের জ্যেষ্ঠতম শিক্ষক অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ইয়াছিন আলীকে ডিনের দায়িত্ব দিতে হবে। এ দাবিতে তাঁরা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে সরে দাঁড়ান।
এ পরিস্থিতে জীববিজ্ঞান স্কুলের শিক্ষা কার্যক্রম চালু রাখার পক্ষে বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষক ২০ জুন হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জীববিজ্ঞান স্কুলের পরীক্ষা নেওয়াসহ শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড কেন চালু রাখার নির্দেশ দেওয়া হবে না, ১৫ দিনের মধ্যে তার কারণ দর্শানোর জন্য নির্দেশ দেন।
এ পরিস্থিতি ৭ জুলাই বেলা দুইটায় শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। কর্তৃপক্ষ কারণ দর্শানোর জবাব না দেওয়ায় আদালত ১০ জুলাই রিটের শুনানি শেষে পরবর্তী তিন সপ্তাহের মধ্যে জীববিজ্ঞান স্কুলের পরীক্ষা নেওয়ার আদেশ দেন। একই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন নিয়োগের যথার্থতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন।
ওই দিন দুপুরে উপাচার্য ২৪ জুলাই থেকে পরীক্ষা শুরুর আশ্বাস দেন ও অনশনরত শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান।