জীববৈচিত্র্য রক্ষায় নানা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে প্রায় ১০ কোটি টাকার কার্যক্রম চলছে। পরিবেশ অধিদপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওই কার্যক্রম চালাচ্ছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে মৎস্য অভয়াশ্রম খনন, সবুজবেষ্টনী নির্মাণ, বনায়ন ইত্যাদি।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালের জুলাইয়ে প্রকল্প গ্রহণ, ২০১১ সালে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম শুরু ও ২০১৪ সালের মার্চ থেকে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। চলতি বছর জুলাইয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্প বাস্তবায়ন করছে পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প (সিবিএ-ইসিএ)। প্রকল্পের ওই ১০ কোটি টাকা অর্থায়ন করছে নেদারল্যান্ডস, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড।
পরিবেশ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, হাকালুকি হাওর ভরাট, হাওর থেকে নির্বিচারে মাছ ও জলজ উদ্ভিদ আহরণের কারণে হাওরটির জীববৈচিত্র্য বিপন্ন। হাওরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রমের জন্য ১০টি বিল খনন করা হচ্ছে। বিলগুলো হচ্ছে আগদার বিল, মাইছলার ডাক বিল, কইয়ের কোনা বিল, কন্টিনালার কর খাল, মইয়াজুরি বিল, রনচি বিল, তেকোনি বিলের দুটি অংশ, বিড়ালি খাল ও কুরিয়া বিল। খনন শেষে অভয়াশ্রমে ঝাড়-কাঁটা, হিজল-করচের ডাল ও বাঁশ ফেলা হবে। বিলের পাশে গাছ লাগানো হবে। ভূমি মন্ত্রণালয় হাকালুকি হাওরে প্রাকৃতিক পদ্ধতিতে মাছের উৎপাদন বাড়াতে এ বিলগুলোকে অভয়াশ্রম ঘোষণা করেছে।
স্থানীয়ভাবে ‘আফাল’ বা ঢেউ থেকে গ্রাম রক্ষায় প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ ১০টি সবুজবেষ্টনী তৈরি করা হচ্ছে। এসব বেষ্টনীর ওপর লাগানো হবে হিজল-করচ। কুলাউড়ার ভুকশিমইল, শসারকান্দি, বেড়কুড়ি ও ভাটি শাহপুর, জুড়ীর বেলাগাঁওয়ে দুটি, বড়লেখার হাল্লা ও শ্রীরামপুর এবং সিলেটের গোলাপগঞ্জের কালিকৃষ্ণপুর ও রানজিওল এলাকায় এসব বেষ্টনী তৈরি হচ্ছে। এ ছাড়া ভুকশিমইল, বেলাগাঁও, হাল্লা, সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার এলাকার যুধিষ্ঠির, গোলাপগঞ্জের কাদিপুর বাজার ও শান্তির বাজার এলাকায় প্রতিবেশ সংরক্ষণকেন্দ্র স্থাপনের কাজ চলছে। এ কেন্দ্রগুলো থেকে গ্রাম সংরক্ষণ দল (ভিসিজি) তাদের কার্যক্রম পরিচালনা করবে। এখানে হাওর সম্পর্কিত বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হবে। হাকালুকি হাওর এলাকায় ২৮টি ভিসিজির ৯৫০ সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ৮৪ জনকে বিকল্প কর্মসংস্থানের জন্য গরু, হাঁস-মুরগি, সেলাইযন্ত্র দেওয়া হয়েছে। হাওর থেকে নির্বিচারে সম্পদ আহরণের চাপ কমানোর জন্যই এ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা।
হাকালুকি হাওর এলাকায় কর্মরত সরকারি-বেসরকারি সংস্থার একাধিক কর্মকর্তা জানান, এ প্রকল্পের সুফল পেতে শুধু ভিসিজি ও পাহারাদারের ওপর নির্ভর করলে হবে না। প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। পরিবেশ অধিদপ্তরের লোকবল বাড়িয়ে সার্বক্ষণিক তদারকি করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা বশির আহমদ প্রথম আলোকে জানান, প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ফিরিয়ে আনা, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং হাওরাঞ্চলের মানুষের বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা করা। প্রকল্পের কোনো কোনো কাজ শেষ পর্যায়ে। কোনোটি চলমান আছে। স্থানীয় প্রশাসন সহযোগিতা করলে অভয়াশ্রমের সুফল পাওয়া সম্ভব।