জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে একত্রে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের মধ্যে সমন্বয়ের অভাব আছে। দেশের সব ধরনের জলাভূমি নিয়ে বর্ণনামূলক তালিকা (ডেটাবেইস) করা জরুরি। জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, ব্যক্তি সবাইকে একত্রে কাজ করতে হবে। গতকাল সোমবার আন্তর্জাতিক জলাভূমি দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘হাওর মহাপরিকল্পনা ও ব্যবস্থাপনা’ শীর্ষক এ সভার আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
জাতিসংঘের রামসার কনভেনশন অনুযায়ী ১৯৯৭ সাল থেকে প্রতিবছর ২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আমাদের ভবিষ্যতের জন্য জলাভূমি’।
গতকালের সভায় জানানো হয়, দেশের সাতটি জেলায় ৩৭৩টি হাওর আছে। হাওর অববাহিকার সম্পদ, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় সরকার ২০১২ সালের ২০ বছর মেয়াদি হাওর মহাপরিকল্পনা গ্রহণ করে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর কাজ সমন্বয়, পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য হাওর ও জলাশয় উন্নয়ন অধিদপ্তরের যথেষ্ট সক্ষমতা নেই।
সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম বলেন, জলাভূমি রক্ষায় সরকারের বিভাগগুলো পরস্পরকে দোষারোপ না করে, সবাই মিলে একত্রে কাজ কতে হবে। হাওরকেন্দ্রিক কর্মসূচিগুলো হাওর এলাকায় নিয়ে যেতে হবে। হাওর বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে এবং নদীদূষণ বন্ধ করতে হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বলেন, জলাভূমি রক্ষায় কিছু ক্ষেত্রে সদিচ্ছার অভাব, কিছু ক্ষেত্রে জনবলসংকট রয়েছে। সংবিধানে জলাধার সংরক্ষণের কথা বলা হলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না।
সভায় জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জলাশয় রক্ষায় স্থানীয় জনগণকে নিয়ে কমিটি গঠন, শিল্প ও পয়োবর্জ্য পরিশোধনের মাধ্যমে জলাশয়ে ফেলা, জলাশয়ের আয়ের খাত সৃষ্টি, জলাশয়ে সব আবাসনের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা এবং অবৈধ আবাসন সম্পর্কে গণমাধ্যমে প্রচার, সরকারি সংস্থাকে একীভূত করে জলাশয় রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যমান আইন ও নীতিমালার সুষ্ঠু বাস্তবায়ন অন্যতম।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম, কৃষি প্রকৌশলী নিয়াজ পাশা, পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহান প্রমুখ।