জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। এই পৃথিবী ও পৃথিবীর অধিবাসীদের রক্ষার জন্য এগিয়ে আসতে হবে।
গতকাল সোমবার রাজধানীতে জীববৈচিত্র্য রক্ষা-বিষয়ক আন্তবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় তারুণ্যের শক্তিকে ব্যবহারের ওপর জোর দেন। তিনি বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটি বিশ্ব ঐতিহ্য। ফলে এই বন রক্ষায় তারুণ্যের শক্তিকে ব্যবহার করতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক-বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, ব্র্যাক ব্যাংক এবং বেসরকারি সংস্থা স্পেল বাউন্ড এই অনুষ্ঠানের আয়োজন করে। দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় তাঁদের নির্মিত জীববৈচিত্র্য রক্ষা-বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত রেসপেক্ট নেচার সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পুরস্কার পায় যথাক্রমে পাঠশালা-সাউথ এশিয়া মিডিয়া ইনস্টিটিউট, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ, অভিনেত্রী বিপাশা হায়াত, ঈশিতা, স্বাগতা এবং সংগীতশিল্পী তপু, সভ্যতা ও নাইম।