জীববৈচিত্র্য রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলায় মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী জীববৈচিত্র্য সংরক্ষণ দিবসের শেষ দিন গতকাল বৃহস্পতিবার এসব কর্মসূচি পালন করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে চৌমোহনা পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রায় আধা ঘণ্টার এ মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে বিপন্নপ্রায় বিভিন্ন পশুপাখির ও বৃক্ষের ছবিসংবলিত প্লাকার্ড, ফেস্টুন দেখা যায়। মানববন্ধন শেষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চৌমোহনা থেকে মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে কলেজের শহীদ জিয়া মিলনায়তনে ‘আমাদের জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ। বক্তব্য দেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলওয়ার হোসেন, মাহবুবুর রহমান, পুলিশ সুপার আবদুল আলীম মাহমুদ, কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।শ্রীমঙ্গল পৌর এলাকার চৌমোহনায় মানববন্ধন পালিত হয় বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত। এতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ম্যাক বাংলাদেশ ও বিকশিত নারী নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বন বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা ও বিভিন্ন স্থানে পাহাড় কাটা বন্ধ করা, প্রাকৃতিক জলাশয় রক্ষা করাসহ জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন দেখা যায়। মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন এম এ মনির, আবুল হাশেম, মোমিনুল হোসেন, মাহমুদ ফয়সল প্রমুখ।জুড়ী উপজেলা সদরের বিডিআর ক্যাম্প চত্বর থেকে কণ্ঠিনালা সেতু পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা এ মানববন্ধন চলে। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।