থাকার মতো স্থায়ী কোনো জায়গা নেই তাদের। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাস্তুভিটা হারিয়ে আজ তারা যাযাবরের মতো জীবন কাটাচ্ছে। যখন যেখানে আশ্রয় জোটে, সেখানেই বসত গাড়ার চেষ্টা চালায় তারা। জীবিকারও কোনো নিশ্চয়তা নেই তাদের। এক দিন খাবার জোটে তো আরেক দিন জোটে না। অসুখ-বিসুখে চিকিত্সা দূরে থাক, জোটে না সামান্য পথ্য। এভাবে দুর্দশার এক ঘূর্ণাবর্তে কাটছে তাদের দিন। এই দুর্ভোগের যেন শেষ নেই।কক্সবাজার জেলায় পরিবেশগত এসব উদ্বাস্তুর সঠিক হিসাব পাওয়া মুশকিল। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, তাদের সংখ্যা বলা কঠিন। তবে উদ্বাস্তুর সংখ্যা আশঙ্কাজনক হারে দিন দিন বাড়ছে।পরিবেশ সচেতন একাধিক সংস্থার প্রাথমিক হিসাবে, জেলার বিভিন্ন স্থানে বর্তমানে এ ধরনের প্রায় তিন লাখ উদ্বাস্তু রয়েছে। বিমানবন্দরের পশ্চিম পাশে বিশাল চর এলাকা, পাহাড়তলী, কলাতলী, নুনিয়াছটা, ঝাউতলা, গাড়ির মাঠ, সমুদ্রসৈকতের বালুচর এবং সৈকতসংলগ্ন ঝাউবাগান—এসব স্থানে বাস করছে তারা। এক বিমানবন্দরের চরাঞ্চলেই বাস করছে প্রায় ৫০ হাজার উদ্বাস্তু। এ ছাড়া সংরক্ষিত বনাঞ্চল, পাহাড়-জঙ্গল, সমুদ্রসৈকত দখল করে হাজার হাজার ঝুপড়িঘর তৈরি করে অনেক অভাবী মানুষ দিন এনে দিন খেয়ে জীবন যাপন করছে।উপকূলীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাফর আলম জানান, তাঁর সমিতিতে উদ্বাস্তু প্রায় ৫০ হাজার সদস্য রয়েছে। শহরের গুলারঝিড়ি, বন্দরপাড়া, আদর্শগ্রাম, হিমছড়ি, বড়ছড়া, লারপাড়া, ঘোনারপাড়া, বৈদ্যঘোনা, বাদশাঘোনা, মোহাম্মদ চেয়ারম্যানের ঘোনা, রুমালিরছড়া, লাইটহাউসপাড়া, সৈকতপাড়াসহ বিভিন্ন স্থানে দেড় লাখের বেশি পরিবেশগত উদ্বাস্তু রয়েছে। সাগরে চিংড়িপোনা আহরণ, মাছ ধরা, শুঁটকি উত্পাদনসহ তারা ছোটখাটো বিভিন্ন পেশায় জড়িত। অনেক উদ্বাস্তু নারী ও শিশু অভাবের তাড়নায় ভিক্ষা করছে। শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতের সুবিধা থেকে তারা বঞ্চিত।অনুসন্ধানে জানা গেছে, উপকূলীয় বহুমুখী সমিতির আওতাধীন ৫০ হাজার উদ্বাস্তুর মধ্যে কুতুবদিয়া থেকে বসতবাড়ি হারিয়ে এখানে আশ্রয় নেয় ২৭ হাজার মানুষ। মহেশখালী থেকে ১২ হাজার এবং চকরিয়া, বদরখালী, পেকুয়া, বোয়ালখালী, হাতিয়া, ভোলা, ফেনী ও বরিশাল থেকে আরও ১১ হাজার উদ্বাস্তু এসেছে।চকরিয়ার ডুলাহাজারা হায়দারনাশি গ্রামে কুতুবদিয়া দ্বীপের প্রায় ৪০০ পরিবারের তিন হাজার মানুষ কয়েক বছর ধরে বসতি স্থাপন করেছে। তাই এলাকার নামকরণ হয়েছে ‘কুতুবদিয়াপাড়া’। এভাবে উদ্বাস্তুরা মিলে ভিন্ন ভিন্ন এলাকা ও সমিতি গড়ে তুলেছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, এক দশক ধরে হাজার হাজার উদ্বাস্তু নানা চেষ্টা-তদবির, আন্দোলন-সংগ্রাম করেও অধিকার আদায়ে ব্যর্থ হচ্ছে। তাদের মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা হচ্ছে না।তাদের কথা: গত শুক্রবার সকালে শহরের ডায়াবেটিক হাসপাতালসংলগ্ন সমুদ্রসৈকতের বালুচরে ঝাউবাগানের ভেতরে গিয়ে দেখা যায় অসংখ্য ঝুপড়িঘর। খোঁজ নিয়ে জানা গেল, এর সংখ্যা প্রায় দেড় হাজার আর এতে বাস করছে অন্তত সাত হাজার মানুষ। তাদের সঙ্গে কথা বলে জানা গেল, নারী ও শিশুরা জোয়ারের সময় উপকূলে গিয়ে নিষিদ্ধ জালে চিংড়িপোনা আহরণ করে। পুরুষেরা দিনভর শহরের বিভিন্ন স্থানে শ্রম বিক্রি করে।১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামের লবণচাষি আবদুল বাকি (৬৭) পাঁচ ছেলেমেয়েসহ পরিবারের ১২ জন সদস্যকে হারান। তাঁর বসতবাড়িও সাগরে বিলীন হয়। পরে স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে তিনি আশ্রয় নেন বিমানবন্দরের পশ্চিম পাশে সৈকত এলাকায় গড়ে ওঠা ‘সমিতিপাড়ায়’। তিন বছর আগে সেখান থেকে উচ্ছেদ করা হলে সপরিবারে বাকি আশ্রয় নেন ডায়াবেটিক হাসপাতালসংলগ্ন ঝাউবাগানের ভেতর। তিন বছর ধরে তিনি সেখানে ঝুপড়িঘরে বাস করছেন। বাকি বলেন, ‘আমি ছাড়া এই সংসারে রোজগারের কেউ নেই। সারা দিন শহরে গিয়ে মানুষের কাছে হাত পেতে যা পাই, তা দিয়ে কোনোমতে চলছি।’১৯৯৭ সালে জলোচ্ছ্বাসে বসতবাড়ি হারিয়ে মহেশখালীর ধলঘাটা থেকে ঝাউবাগানে আশ্রয় নিয়েছেন লালমতি বেগম (৬২)। সঙ্গে ছেলে, পুত্রবধূ ও এক নাতি। লালমতি বলেন, চোখের সামনে সৈকতের ঝাউবাগান দখল করে প্রভাবশালীরা হোটেল ও মোটেল গড়ছেন। তাঁদের উচ্ছেদ করা হয় না। কিন্তু আমরা সরকারি জমিতে মাথা গোঁজার একটু আশ্রয় নিলে উচ্ছেদ করা হয়। তাঁর জিজ্ঞাসা, ‘আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি নিজেরা এই পরিস্থিতির সৃষ্টি করেছি?’