জীবিকাকেন্দ্রিক পদক্ষেপও দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলার আটটি উপজেলার প্রায় ২৮ শতাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা সামনের দিনগুলোতেও দেখা দিতে পারে। একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। এই সমীক্ষা নিয়ে গতকাল শনিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পরামর্শ সভার আয়োজন করে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জলাবদ্ধতার সমস্যা দূর করতে সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশীয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে বলে পরামর্শ সভায় বক্তারা অভিমত দেন। তাঁরা বলেন, সমস্যা সমাধানের জন্য সমন্বিতভাবে প্রতিরোধমূলক ও জীবিকাকেন্দ্রিক পদক্ষেপ নিতে হবে।
কৃষি মন্ত্রণালয়ের অনুরোধে ২০১৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে খুলনা, যশোর ও সাতক্ষীরায় জলাবদ্ধতা নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউকে এইড ও ইউরোপীয় কমিশনের সহায়তায় একটি সমীক্ষা চালায় এফএও। ২০১৪ ও ২০১৫ সালে কয়েক দফা আলোচনা ও পরামর্শ সভার পর ওই সমীক্ষা চূড়ান্ত করা হয়। গতকালের পরামর্শ সভায় ওই সমীক্ষা নিয়ে বক্তারা আলোচনা করেন। কৃষিসচিব শ্যামল কান্তি ঘোষের সঞ্চালনায় সমীক্ষার সারসংক্ষেপ উপস্থাপন করেন এফএওর এদেশীয় প্রতিনিধি মাইক রবসন। সূচনা বক্তৃতা করেন সংস্থাটির জলাবদ্ধতা প্রকল্পের কর্মকর্তা ওয়ায়েস কবীর।
সমীক্ষায় বলা হয়, জলাবদ্ধতার কারণে স্থানীয় অধিবাসীরা ঘরবাড়ি ও সম্পদ হারানোর পাশাপাশি খাবারের সংকটে পড়েছেন, বিঘ্নিত হয়েছে যোগাযোগ ও সামাজিক সেবা। নদীতে পলি স্তর বেড়ে যাওয়া, অবকাঠামোর দুর্বল পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ এবং পয়োনিষ্কাশন-ব্যবস্থা মানুষের কর্মকাণ্ডে ব্যাহত হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সমীক্ষায় পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়ন, অবাধ জোয়ার-ভাটার প্রয়োগ, স্থানীয় সরকারব্যবস্থার মধ্যে সমন্বয় ও জীবিকার জন্য সৃজনশীল প্রক্রিয়া চালুসহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, জলাবদ্ধতার মতো সমস্যা দূর করতে হলে কারিগরি ও প্রশাসনিক দক্ষতার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার সমন্বয় দরকার। সরকারের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে বলে নদী পুনঃখননের পাশাপাশি জলাবদ্ধতা সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টনের সুরাহা করতে বাংলাদেশ অববাহিকাভিত্তিক পানি-ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে ভারত সম্মতি দিয়েছে। কিছু কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর গঙ্গা ব্যারাজ প্রকল্প হবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতার সমস্যা দূর করার ক্ষেত্রে সমন্বয়ের অভাব আছে বলে উল্লেখ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, এই সমস্যার সমাধানে স্থানীয় সরকারকে ঘনিষ্ঠভাবে এ প্রক্রিয়ার সঙ্গে থাকতে হবে।
আলোচনায় আরও অংশ নেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ মোশতাক আহমেদ, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য এম এ সাত্তার মণ্ডল প্রমুখ।