জীবিকার জন্য তাঁরা 'মাছ কুড়ানি'

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জেলেপল্লিগুলোতে মাছ বাছাইয়ের কাজ করে অন্তত ৬০০ পরিবার তাদের সংসার চালাচ্ছে। সাগরে মাছ শিকার করতে গিয়ে মারা যাওয়া, নিখোঁজ ও অসচ্ছল জেলে পরিবারের নারী-শিশুরা জীবিকা নির্বাহে এ পেশা বেছে নিয়েছেন। স্থানীয়ভাবে তাঁদের বলা হয় ‘মাছ কুড়ানি’।
উপকূলের এই মাছ কুড়ানিদের কাজ শুরু হয় সূর্যাস্তের কিছু সময় আগে। উপজেলার আলীপুর, মহিপুর, ঢোস, গঙ্গামতি, কাউয়ার চর ও খাজুরা এলাকার অন্তত ১০টি জেলে পল্লিতে এই মাছ কুড়ানিরা মাছ বাছাইয়ের কাজ করেন।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৬০০ নারী ও শিশু মাছ বাছাইয়ের কাজ করছেন। প্রতিদিন কাজ করে তাঁরা কেউ এক কেজি, কেউ দুই থেকে তিন কেজি মাছ পান। এসব মাছ থেকে কিছু খাওয়ার জন্য রেখে তাঁরা বাকিটা বাজারে বিক্রি করেন। এভাবে তাঁরা এক শ থেকে আড়াই শ টাকা পান। এই টাকায় চলে তাঁদের সংসার।
গত শুক্রবার কুয়াকাটা সৈকতের খাজুরা জেলেপল্লি ঘুরে দেখে যায়, অন্তত ৫০ জন নারী-শিশু সাগর থেকে ধরে আনা মাছ বাছাই করছেন। তাঁদের মধ্যে ছিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমন ও শাবনুর। তাদের হাতের প্রতিটি আঙুল ও তালুতে মাছের কাঁটার আঘাতের চিহ্ন। একই অবস্থা অন্যদেরও।
আকলিমা বেগমের বিবাহবিচ্ছেদ হয়েছে আগেই। তিনি বলেন, ‘সাত বছর ধইয়া এই মাছ বাছার কাম করি। দুই পোলা থাকলেও হ্যারা আছে নিজেগো চিন্তায়, মোর দিকে খেয়ালও করে না। মোর প্যাডের চিন্তা মোরই করতে অয়। কহনো মাডি কাডি, কহনো শাকপাতা টোহাই। আর সন্ধ্যার পর এইহানে আইয়া মাছ বাছি। কোনো সময় এক কেজি, কোনো সময় আধা কেজি মাছ পাই। এইরহম কইরাই বাবা জীবনডা চালাই।’ স্বামী-সন্তান কেউ নেই সফুরা বিবির (৫৫)। আগে ভিক্ষা করে চলত সংসার। এখন তিনিও মাছ কুড়ানি। এ ব্যাপারে জেলে আলামিন মিয়া বলেন, ‘বিভিন্ন রহমের মাছ থাহে, সব মাছ তো আমাগো বাছা সম্ভব না। ছোড পোলাপান আর মহিলাগো দিয়াই বাছাই করাইতে অয়।’