
ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটিতে যাঁরা বাড়িতে গিয়েছিলেন, জীবিকার তাগিদে তাঁরা আবার ঢাকায় ফিরছেন। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে।
দীর্ঘ ছুটি শেষে আজ রোববার সরকারি অফিস-আদালত খুলছে। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানে গতকালই অফিস শুরু হয়ে গেছে। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতা, শিশুদের স্কুল ও ভোগান্তির ভয়ে অনেকেই শুক্রবার ভোর থেকে ঢাকায় ফিরতে শুরু করেন।
গতকাল সকালে রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে মানুষের ঢাকায় ফেরার দৃশ্য। প্রিয়জনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ছুটে গিয়েছিলেন যাঁরা, এখন আবার ফিরে আসছেন কর্মব্যস্ত এই শহরে। বাস ও লঞ্চে ঢাকায় ফেরা মানুষের অনেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।
ছুটির কয়েকটি দিন একরকম ফাঁকাই ছিল ইটপাথরে ঘেরা ঢাকা। যানজটের কোনো বালাই ছিল না। কিন্তু গতকাল থেকে আবারও ব্যস্ত হতে শুরু করেছে ঢাকার পথঘাট।
ঝিনাইদহ থেকে ঢাকা ফিরলেন আলতাফ শাহনেওয়াজ। তাঁর সঙ্গে কথা হয় গাবতলীতে। তিনি জানালেন, ইচ্ছা করলে আরও দু-এক দিন বাড়িতে কাটিয়ে আসতে পারতেন। কিন্তু ফেরার সময় আবারও যানজটে পড়তে হতে পারে এমন আশঙ্কায় আগেভাগেই ফিরেছেন। ফেরার পথে যানজট ছিল না বললেই চলে। তবে অসুবিধা হয়েছে টিকিট পেতে। শেষ পর্যন্ত দর্শনা ডিলাক্স নামে একটি বাসে ঠিক চালকের পেছনের আসনে বসে ফেরেন তিনি। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি দিতে হয়েছে।
ট্রেনেও গতকাল খুব একটা ভিড় দেখা যায়নি। কমলাপুরের স্টেশন ম্যানেজার খায়রুল বশির বলেন, বিভিন্ন স্থান থেকে রাজধানীমুখী যাত্রীরা ২০ অক্টোবর পর্যন্ত টিকিট-সংকটে ভুগবেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংকট বন্দরনগর চট্টগ্রামে।
অবশ্য দিনাজপুর থেকে বাসে ঢাকায় আসা যাত্রীদের একজন শাম্মী ফারহানা জানান, ১৮ অক্টোবর রাতে ঢাকায় ফিরবেন বলে ঈদের আগেই একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন। শুক্রবার বিকেলে জানতে পারেন, পথে সমস্যা হওয়ায় ট্রেন চলবে না। জরুরি প্রয়োজনে তাঁকে অনেক বেশি ভাড়া দিয়ে ঢাকায় ফিরতে হয়েছে।
তবে বাস ও ট্রেনের যাত্রীরা তেমন দুর্ভোগের মধ্যে না পড়লেও লঞ্চযাত্রীদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, গতকাল দক্ষিণাঞ্চলের ৩৯ রুট থেকে ৮৯টি লঞ্চ ঢাকায় এসেছে এবং ছেড়ে গেছে ৩৭টি। দক্ষিণাঞ্চল থেকে আসা সব লঞ্চের ছাদেই অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।
বরিশাল থেকে আসা পারাবত ১০ লঞ্চের যাত্রী কুদরত আলী বলেন, শুক্রবার বিকেলে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে উঠার সময় লঞ্চের লোকজন ২৫০ টাকা করে ডেকের ভাড়া চেয়েছিলেন। কিন্তু লঞ্চটি টার্মিনাল ছেড়ে মাঝপথে আসার পর লঞ্চের কর্মচারীরা ৩০০ টাকা করে ভাড়া দাবি করেন। শেষ পর্যন্ত যাত্রীরা ২৮০ টাকা করে রফা করতে বাধ্য হন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার সদস্য ও ঢাকা নদীবন্দরের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ভূইয়া লঞ্চের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।