জীবিকার তাগিদে কারেন্ট জাল নিয়ে তাঁরা এখন নদীতে
হরতাল-অবরোধের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের ওপর নির্ভরশীল অনেক হকার-শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাঁরা এখন কারেন্ট জাল নিয়ে পদ্মা-যমুনা নদীতে মাছ শিকারে ঝুঁকে পড়েছেন। কারেন্ট জালের ব্যবহার অবৈধ জেনেও জীবিকার তাগিদে এই কাজ করতে তাঁরা বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন হকার-শ্রমিকেরা।
দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের ওপর নির্ভরশীল হকার ও শ্রমিকদের নিয়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি সংগঠন। এসব সংগঠন সূত্রে জানা গেছে, তিন হাজারেরও বেশি হকার-শ্রমিক দুই ঘাটে কাজ করে সংসার চালান। হরতাল ও অবরোধের কারণে বেকার হয়ে গত প্রায় এক বছরে পর্যায়ক্রমে তাঁদের অনেকেই পদ্মা এবং যুমনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারে নেমে পড়েছেন। আর দিনশেষে মাছ বিক্রির অর্থ দিয়ে তাঁরা কোনো রকমে জীবিকা নির্বাহ করছেন।
গত মঙ্গলবার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেতকা এলাকায় পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছিলেন খায়রুল মৃধা, আবুল কালাম ও আনোয়ার হোসেন। তাঁরা বলেন, তাঁরা আগে ঘাটে ঝালমুড়ি ও ডিম বিক্রি করতেন। দীর্ঘদিন কাজ না থাকায় জমানো কিছু টাকা দিয়ে কারেন্ট জাল কিনে মাছ শিকারে নদীতে নেমেছেন। দৌলতদিয়া লঞ্চঘাটের কাছে পদ্মায় মাছ শিকারের সময় দিলীপ মণ্ডল, রহিম খাঁ ও মঙ্গল সরদার জানান, তাঁদের বাড়ি পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। আলাপকালে তাঁরা জানান, পরিবারের খাবার তো আর বন্ধ রাখা যায় না। কাজ থাকুক আর না থাকুক, প্রতিদিনের চাল-ডাল তো কিনতেই হয়। তাই নদীতে মাছ ধরছেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তি যদি কারেন্ট জালসহ আটক হন ,তাহলে প্রথমবারের জন্য তাঁর এক হাজার টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে দুই ঘাটের বেকার হওয়া অনেক হকার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন স্থান থেকে আসা জেলেদের ছোট ডিঙি নৌকা নিয়ে পদ্মা-যমুনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে দেখা যাচ্ছে।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এসএম লুৎফর রহমান বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে নদীতে ঠিকমতো অভিযান চালানো সম্ভব হচ্ছে না। অর্থ বরাদ্দ পেলে এবং শীতের তীব্রতা কিছুটা কমে এলে অভিযান চালানো হবে।