জীবিকার তাগিদে ঘরের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা সাড়ে ১১টা। রাজশাহী নগরের কুমারপাড়ার মোড়। মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি বেঞ্চে বসে আছেন তিন পুলিশ সদস্য। সামনের রাস্তায় অটোরিকশার ভিড়। রাস্তার ওপারে প্রায় ১০টি দোকানঘর। এর মধ্যে তিনটি বাদে সব কটিই খোলা। দুটি সেলুনে কোনো চেয়ার খালি নেই। পাশে একটি কনফেকশনারিতেও ক্রেতাদের ভিড়।
কুমারপাড়া থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে যেতে রাস্তার দক্ষিণ পাশের বিভিন্ন কোম্পানির বিক্রয়কেন্দ্রগুলোতে ব্যবসায়ীদের দেখা গেল দোকানের শার্টার খুলে বেচাকেনা করছেন।
টানা অবরোধ-হরতালে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও জীবিকার প্রয়োজনে তাঁরা ঠিকই ঘরের বাইরে বেরিয়েছেন। ব্যবসায়ীরা করেছেন বেচাকেনা। গতকাল মঙ্গলবার রাজশাহী নগরের চিত্র ছিল মোটামুটি এমনই।
দুপুর ১২টায় সাহেব বাজার জিরো পয়েন্টে দেখা যায়, রাস্তার উত্তর পাশের একটি দোকান বাদে বাকি সব দোকানই খোলা। দক্ষিণ পাশে ইলেকট্রনিকস সামগ্রীর দোকানও খোলা পাওয়া যায়। পশ্চিম পাশে ফুলের দোকানে ছিল আগের মতোই ভিড়।
আরডিএ মার্কেটের প্রধান ফটক দেখা গেছে বন্ধ। তবে পকেট গেট ছিল খোলা। বন্ধ ফটকের সঙ্গে পাঞ্জাবি ঝুলিয়ে একজন বিক্রেতা ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছেন। মার্কেটের সামনের রাস্তার দুই পাশের দোকানও খোলা, প্রায় সবগুলোই।
দুপুরে সাড়ে ১২টার দিকে সোনাদিঘির মোড়ে গিয়ে বইয়ের দোকানগুলো প্রায় সবই বন্ধ পাওয়া যায়। তবে পুরোনো বইয়ের দোকানগুলো ছিল খোলা। লোকনাথ স্কুলের পূর্ব পাশের দোকানগুলোও খোলা দেখা যায়।
বেলা পৌনে একটায় ভেড়িপাড়ার মোড়ে পানের দোকান থেকে শুরু করে ছোট-বড় সব দোকানই খোলা পাওয়া যায়। রাস্তায় অটোরিকশার চলাচলও ছিল স্বাভাবিক। বেলা দুইটায় লক্ষ্মীপুর মোড় অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল। রাস্তার উত্তর পাশের ওষুধের দোকানের সামনে একটি ট্রাক থেকে মাল নামানো হচ্ছিল। তবে ট্রাকের সামনে ছিল জরুরি ওষুধ সরবরাহের লাল ব্যানার টাঙানো। এ সময় একজন নারী কোলে অসুস্থ শিশু নিয়ে অটোরিকশার ভিড় এড়াতে একরকম দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরও তিন নারী।
বেলা আড়াইটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় অন্যদিনের মতোই স্বাভাবিক ভিড় দেখা যায়। লাশটানা গাড়িগুলো ছিল রাস্তার ওপর সার করে দাঁড়ানো। ফুটপাত দখল করে চলছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কেনাবেচা।
বেলা তিনটায় সাহেব বাজারে এসে দেখা যায়, এসএস টাওয়ারের কলাপসিবল গেট অল্প করে খোলা। সেখানে একজন নিরাপত্তাকর্মী দাঁড়িয়ে আছেন। শুধু ক্রেতারা ভেতরে যেতে পারছেন। রাস্তার দক্ষিণ পাশে একটি জুতা কোম্পানির বিক্রয় কেন্দ্রের মাঝখানের দরজাও খোলা পাওয়া গেছে। সেই দরজা ধরে একজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। এর ভেতর দিয়েই ক্রেতারা যাওয়া-আসা করছেন।
আরডিএ মার্কেটের বাইরের সব প্রধান ফটক বন্ধ ছিল। তবে পকেট গেট ছিল খোলা। মার্কেটের ভেতরে সব দোকানেরই এক শার্টার তোলা। এভাবেই বেচাকেনা চলছে।
বেলা সাড়ে তিনটার দিকে সোনাদিঘির মোড়ের সব বইয়ের দোকানই খোলা পাওয়া যায়। ভুবনমোহন পার্কের পাশে স্যান্ডেলের বাজারও খোলা পাওয়া যায় পুরোটা। পার্শ্ববর্তী সমবায় মার্কেটের প্রধান ফটক খোলা ছিল। তবে দোকানগুলোর এক পাশের শার্টার বন্ধ ছিল। ভেতরে চলছিল বেচাকেনা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে কয়েকটি গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে যাত্রী ছিল যথেষ্ট কম।
সন্ধ্যা ছয়টা ৫০ মিনিট। রাজশাহী নিউমার্কেট পুরোটাই খোলা। তবে ক্রেতার ভিড় স্বাভাবিক অবস্থার চেয়ে ছিল একটু কম।