জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজিনা বেগম, সালেহা বানু, শহিদুল হক, মোস্তফা—এঁরা সবাই নির্মাণশ্রমিক। অবরোধ-হরতালের কারণে এখন হাতে তেমন কাজ নেই। তাই কোনো ঠিকাদার দূরের কাজের জন্য ডাকলেও না করেন না তাঁরা। ঠিকাদার তাঁদের যেভাবে নিয়ে যান, মুখ বুজে সেভাবেই যান। তাতে যদি জীবনের ঝুঁকিও থাকে, জীবিকার তাগিদে তা মেনে নেন তাঁরা।
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় সম্প্রতি এক সকালে দেখা যায়, একটি ট্রাক্টরে জনা পঞ্চাশেক নারী-পুরুষ। ট্রাক্টরের অনেকখানি জায়গা আবার দখল করে রয়েছে সিমেন্ট ও বালু মিশ্রণের যন্ত্র। যন্ত্রটির চারপাশে গাদাগাদি করে বসে আছেন তাঁরা। জায়গা না পাওয়ায় ট্রাক্টরের ইঞ্জিনের ওপর চালককে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও ১০ থেকে ১২ জন।
শ্রমিকেরা জানান, তাঁরা সবাই ভবন নির্মাণের কাজ করেন। বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাইয়ের জন্য ঠিকাদার তাঁদের নিয়ে যাচ্ছেন। ঠিকাদারেরা দূরের কোনো কাজে তাঁদের এভাবেই নিয়ে যান। একজন পুরুষ শ্রমিক প্রতিদিন কাজ করে ২৫০ এবং একজন নারী শ্রমিক ১৮০ টাকা করে পান।
রেজিনা বেগম (৪২) নামের এক নারী শ্রমিক বলেন, এই ট্রাক্টরে ৫৮ জন শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে নয়জন নারী। এমন ঝুঁকি নিয়ে চলাচল প্রসঙ্গে বলেন, ‘প্রথম প্রথম একটু ভয় করত। এখন অভ্যাস হয়ে গেছে।’
সালেহা বানু (৩৯) নামের আরেক নারী শ্রমিক বলেন, ‘আমার রোজগার দিয়াই চার পোলাপাইন নিয়া পাঁচজনের সংসার চলে। হরতাল-অবরোধে এমনেই কাজকাম নাই। যেটুক পাই, কন্ট্রাকটার যেমনে নেয় যাই। আমাগো মতো মাইনষের জীবনের ভয় থাকন লাগে না।’
শহিদুল হক (৩৬) নামের আরেক শ্রমিক বলেন, ‘শ্রমিকদের আলাদা কোনো যাতায়াত ভাড়া দেওয়া হয় না। মালিক যে গাড়ি ঠিক করে দেন, তাতেই গাদাগাদি করে চলতে হয়। ট্রাক্টরে এভাবে গাদাগাদি করে চলাচল করলে দুর্ঘটনা ঘটতেই পারে। এটা মেনে নিয়েই আমরা কাজে যাই।’ তবে কোন ঠিকাদার তাঁদের নিয়ে যাচ্ছিলেন, তা জানাতে পারেননি এসব শ্রমিক।
গোলাম মোস্তফা (৪৫) নামের এক শ্রমিক বলেন, মাস দুয়েক আগে সদর উপজেলার দূরামারি-রুহিয়া রাস্তা দিয়ে এভাবে কাজে যাওয়ার সময় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে তিন শ্রমিক আহত হন। পরে তাঁদের মধ্যে সদরের টেলিপারার জব্বার নামের এক শ্রমিক হাসপাতালে মারা যান।
ট্রাক্টরের মালিক সাজেদুর রহমান বলেন, সাধারণত একটি ট্রাক্টরের পেছনের অংশের দৈর্ঘ্য সাড়ে নয় ফুট, প্রস্থ ছয় ফুট ও চারপাশে দুই ফুট উঁচু বন্ধনী থাকে।
ঠাকুরগাঁও শহরের অপর এক ঠিকাদার এ টি এম মনিরুল হুদা বলেন, ‘যাতায়াত খরচ বাঁচাতে প্রায়ই ঠিকাদারেরা ঝুঁকিপূর্ণ যানবাহনে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিয়ে যান। রুটিরুজির কথা ভেবে শ্রমিকেরা সেসব যানবাহনে চলাচল করতে বাধ্য হন।’