জীবিত তিন ব্যক্তি বয়স্ক ভাতার তালিকায় মৃত!
রাজশাহীর তানোরের জীবিত তিন ব্যক্তিকে মৃত দেখিয়ে তাঁদের বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁদের পরিবর্তে তিনটি কার্ড অন্যদের দেওয়া হয়েছে। যাঁদের নতুন কার্ড দেওয়া হয়েছে, তাঁরা গত শনিবার একসঙ্গে তিন মাসের ভাতা উত্তোলন করছেন। আয়েন উদ্দিন নামের এক ব্যক্তি গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরনজাই ইউনিয়নের শুকদেবপুর গ্রামের আয়েন উদ্দিন, জামিন শিধাইড় গ্রামের আবুল কালাম ও ভাগনা গ্রামের মোছা. সৈয়দা ১১ বছর ধরে বয়স্ক ভাতা পেয়েছেন। তাঁরা জীবিত থাকলেও কাগজপত্রে মৃত দেখিয়ে শুকদেবপুর গ্রামের তফির শাহ, জামিন শিধাইড় গ্রামের আবদুস সামাদ ও ভাগনা গ্রামের রোকেয়া বিবিকে চলতি অর্থবছরে নতুন করে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে। কার্ড পেয়ে তাঁরা প্রত্যেকে গত শনিবার সকালে ব্যাংক থেকে একসঙ্গে ৩ মাসের ১ হাজার ৫০০ টাকা করে ভাতা উত্তোলন করেছেন।
আয়েন উদ্দিন বলেন, তিনি গত শনিবার সকালে তানোর সোনালী ব্যাংক শাখায় ভাতার টাকা তুলতে গিয়ে জানতে পারেন তাঁর নামে ভাতা নেই। তিনি রোববার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে গিয়ে জানতে পারেন কাগজে-কলমে তাঁকে মৃত দেখানো হয়েছে। এ কারণে তাঁর ভাতা বন্ধ হয়ে গেছে।
জামিন শিধাইড় গ্রামের আবুল কালাম বলেন, তিনি জীবিত থাকতেই তাঁকে কীভাবে মৃত দেখানো হয়েছে, তিনি বুঝতে পারছেন না।
এ ব্যাপারে ইউএনও মুহা. শওকত আলী বলেন, একটি অভিযোগ পেয়েছেন। তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ফোন করেছিলেন। তিনি তাঁকে জানিয়েছেন, কম্পিউটার অপারেটর ভুলবশত নাম তিনটা মুছে ফেলেছেন। এটা সংশোধন করা হবে।
এ ব্যাপারে সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, এটা সমাজসেবা অফিস ভুল করেছে। ঠিক করে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।