জীবিত নবজাতককে মৃত ঘোষণা : তদন্ত প্রতিবেদন জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চে (সিএসসিআর) জীবিত নবজাতককে মৃত ঘোষণা করার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। রোববার বিকেলে এই তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠিয়ে দেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।

জানতে চাইলে আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘আজ রোববার বেলা দুইটার দিকে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন সিলগালা অবস্থায় আমার কাছে জমা দিয়েছে। আমি ওই অবস্থায় বিকেলে তা ডাকযোগে মহাপরিচালক বরাবর পাঠিয়ে দিয়েছি।’

তদন্ত প্রতিবেদনে সিএসসিআর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের গাফিলতির কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘প্রতিবেদনে কী আছে আমি জানি না। কারণ, মহাপরিচালকের নির্দেশে এই কমিটি গঠিত হয়েছিল। তাই আমার দেখার এখতিয়ার নেই।’

গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মো. শাহআলম। কমিটির অপর দুই সদস্য হলেন ডেপুটি সিভিল সার্জন অজয় কুমার দে ও সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী শাহেদুল ইসলাম।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়ে মো. শাহআলম বলেন, ‘প্রতিবেদন জমা দিয়েছি। কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করা আমাদের উচিত হবে না।’

গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে সিএসসিআর হাসপাতালে জন্মের দুই ঘণ্টা পর এক নবজাতককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃত ঘোষণার পর দন্ত চিকিৎসক মা রিদোয়ানা বেগম দেখতে পান নবজাতকটি নড়াচড়া করছে। তখন তিনি পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোরে নগরের মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় নবজাতকটি। সেখানে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) একদিন থাকার পর বুধবার বেলা দেড়টার দিকে নবজাতকটি মারা যায়। মৃত ঘোষণার সাড়ে ৩৪ ঘণ্টা পর নবজাতকটি সত্যি সত্যি মৃত্যুবরণ করে।

এ ঘটনায় প্রসূতি ও স্বজনেরা সিএসসিআর হাসপাতালের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন। একই ঘটনায় সিএসসিআর কর্তৃপক্ষও এক সদস্যের তদন্ত কমিটি করে বলে জানানো হয়েছিল।

জানতে চাইলে সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক জামাল আহমেদ বলেন, ‘আমাদের কমিটি এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়নি। তবে আমরা দুজনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছি। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেব।’