জীবিত নবজাতককে 'মৃত' ঘোষণার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে জীবিত নবজাতককে মৃত ঘোষণা করার ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী এই কমিটি গঠন করেন।

কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহ আলমকে। অপর দুই সদস্য হচ্ছেন ডেপুটি সিভিল সার্জন অজয় কুমার দে ও সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী শাহেদুল ইসলাম।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে আজ সকালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। এরপর সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের সঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর ভিডিও কনফারেন্সে কথা হয়। এ সময় তিনি নবজাতককে মৃত ঘোষণার বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

এদিকে প্রসূতি দন্ত চিকিৎসক রিদোয়ানা কাউসারের নবজাতক কন্যাটি এখন নগরের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে (নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন রয়েছে।

ম্যাক্স হাসপাতালের মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদ দাশগুপ্ত বলেন, ‘বাচ্চাটি আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছে। আমাদের চিকিৎসকেরা তার পরিচর্যা করছে।’

সিএসসিআরে গত সোমবার রাত একটায় রিদোয়ানা কাউসার স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম দেন এক নবজাতক। জন্মের সঙ্গে সঙ্গে নবজাতকটিকে তখন সিএসসিআরের এনআইসিইউতে দেওয়া হয়। সেখান থেকে রাত তিনটার দিকে মৃত ঘোষণা করে নবজাতকটিকে কেবিনে মায়ের কাছে নিয়ে আসা হয়। তার মৃত্যুসনদও দেওয়া হয়। পরে মা রিদোয়ানা বাচ্চাটিকে মোড়ানো কাপড় খুলে নড়াচড়া করতে দেখতে পান। পরে তাকে চাইল্ড কেয়ার হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।

এই ঘটনায় সিএসসিআর কর্তৃপক্ষও গতকাল মঙ্গলবার এক সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে দাবি করেছে।