জীবিত পাকিস্তানি যুদ্ধাপরাধীদের ফেরত চাইবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে এ বছর ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার পরিপ্রেক্ষিতে বিস আয়োজিত সেমিনারে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: ফোকাস বাংলা
জাতীয় সংসদে এ বছর ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার পরিপ্রেক্ষিতে বিস আয়োজিত সেমিনারে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: ফোকাস বাংলা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার অভিযোগে পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীর মধ্যে জীবিতদের বিচারের জন্য ফেরত চাইবে বাংলাদেশ। পাকিস্তানি সেনাবাহিনীর জীবিত এই সাবেক সেনা কর্মকর্তা ও সৈনিকদের ফেরত চেয়ে পাকিস্তানকে চিঠি লিখবে বাংলাদেশ। তিনি বুধবার রাজধানীর বিস মিলনায়তনে গণহত্যা দিবসের সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জাতীয় সংসদে এ বছর ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) এই সেমিনারের আয়োজন করে। উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের পাশাপাশি একটি কর্ম অধিবেশনে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারের কী করা উচিত, তা নিয়ে কথা বলেন অভিজ্ঞজনেরা।

আইনমন্ত্রী বলেন, ‘অনেকেই প্রশ্ন করতে পারেন, গণহত্যার স্বীকৃতির জন্য কেন এত বছর পরে এসব উদ্যোগ। তাঁদের বলব, ইতিহাসের কাছে, জনগণের কাছে আমাদের যে ঋণ আছে, তা মেটানোর জন্য আমাদের এসব করতে হবে। কারণ, এমন দুষ্কর্ম করার পরও তারা পার পেয়ে গেছে, মন্ত্রী হয়ে দেশের ইতিহাসের মোড় পাল্টে দিয়েছিল, তাদের বিচার করাটা অনিবার্য ছিল।’ তিনি জানান, পাকিস্তানি বাহিনীর স্থানীয় দোসরদের বিরুদ্ধে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারীরা পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিষয়েও তদন্ত করছেন।

১৯৭৪ সালের ৯ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ত্রিপক্ষীয় চুক্তিটিতে সই করে। চুক্তিতে সই করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্মরণ সিং ও পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজিজ আহমেদ। ওই চুক্তি অনুযায়ী পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীকে পাকিস্তানের কাছে তুলে দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘অনেকে বলে থাকেন, ওই চুক্তি অনুযায়ী তাদেরকে বিচার করা যাবে না। আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি। ওই চুক্তির শর্তে বলা হয়েছিল, যারা পাকিস্তানে ফিরে যেতে চায়, তাদের ফিরিয়ে নেবে পাকিস্তান। পাকিস্তান যখন তার দায়িত্ব পালন করবে, তখনই পাকিস্তানের ওই ১৯৫ সামরিক কর্মকর্তারা বিচার করবে না বাংলাদেশ। পাকিস্তান তাদের দায়িত্ব পালন করেনি। চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। কাজেই চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য বাংলাদেশ ওই ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার করতে পারবে। কাজেই গণহত্যা দিবস আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে এবং যাঁরা এখনো বেঁচে আছেন, তাঁদের হস্তান্তরের জন্য পাকিস্তানের সরকারকে লেখার সুযোগ করে দিয়েছে। আমাদের এ নিয়ে জোরালোভাবে দাবি জানানো উচিত। আমি এ প্রস্তাব মন্ত্রিসভায় দেব এবং এই লক্ষ্যে কাজ করে যাব।’

আন্তর্জাতিক আইনজীবী ও কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পায়াম আখাভান স্কাইপির মাধ্যমে সেমিনারে বক্তৃতা দেন। তিনি বলেন, গণহত্যার স্বীকৃতির জন্য বাংলাদেশ নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারে। এ ক্ষেত্রে আদালত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য পাকিস্তানকে নির্দেশ দিতে পারেন। এ ছাড়া বাংলাদেশের নিরস্ত্র জনগণকে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে এবং ক্ষয়-ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারেন।

সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৬ বছর পরও ১৯৭১ সালে বাঙালির বিরুদ্ধে পরিচালিত গণহত্যা নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল দেশে-বিদেশে প্রশ্ন তুলছে। মুক্তিযুদ্ধে নিহত মানুষের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে পরাজিত শক্তি অব্যাহতভাবে আমাদের আত্মদানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত চার দশক ধরে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি তথ্য বিকৃতির মাধ্যমে ইতিহাসকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছে। তাদের সেই অপচেষ্টার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। কাজেই দেশের জন্য আত্মদানকারীদের স্বীকৃতি আদায়ে দেশে-বিদেশে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এটাই সবচেয়ে যথার্থ সময়।’

বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তৃতা দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। একাত্তরের পর থেকে এ পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা, বই ও গণমাধ্যমের সূত্র ধরে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার একটি চিত্র তুলে ধরেন তিনি। একাত্তরে গণহত্যার দায়ে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের দায়মুক্তি দেওয়ায় আল-কায়েদা এবং আইএস আজ ধর্মের নামে হত্যার তাণ্ডবে মেতে উঠেছে। কাজেই একাত্তরে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার সঙ্গে আজ আল-কায়েদা ও আইএসের তাণ্ডব একই রাজনৈতিক মতাদর্শে পরিচালিত। এই যোগসূত্র তুলে ধরতে পারলে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সহজ হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মাহবুব জামানের সভাপতিত্বে কর্ম অধিবেশনে মানবাধিকারকর্মী জুলিয়ান ফ্রান্সিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুপার নিউমারি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বক্তৃতা করেন।