জীবিত ব্যক্তিকে মৃত দেখানো: ক্ষমা পেলেন ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজে গমনেচ্ছুক একজন ব্যক্তিকে মৃত দেখানোর ঘটনায় আদালতে নিঃশর্ত ক্ষমা পেয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার তাঁকে ক্ষমা করে অব্যাহতি দিয়েছেন উচ্চ আদালত।

পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়—ভবিষ্যতের জন্য ওসিকে সতর্ক করে দেন আদালত। এ ছাড়া পুলিশ প্রতিবেদনে মৃত উল্লেখ করা আখাউড়ার মো. আজাদ হোসেন ভুঁইয়ার হজে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালতে ওসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শাহরিয়া কবির। অন্যদিকে, রিট আবেদনকারী আজাদের পক্ষে ছিলেন আইনজীবী এম খালেদ আহমেদ ও মো. কায়সার জাহিদ ভুইয়া।

এর আগে হজে গমনেচ্ছুক আজাদকে ধর্ম মন্ত্রণালয়ের প্রাক-নিবন্ধন সিস্টেমে পুলিশ প্রতিবেদনের ঘরে মৃত উল্লেখ করার বৈধতা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে ১৭ জুলাই হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। সেই সঙ্গে ব্যাখ্যা জানাতে ওসিকে ২৩ জুলাই আদালতে হাজির হতে বলেন। ধার্য তারিখে ওসি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে বক্তব্য দাখিল করেন। আদালত যথাযথ বক্তব্য উপস্থাপন করতে বলে আজ শুনানির দিন ধার্য করেন। আজ ওসি আদালতে হাজির হন। শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।

পরে মো. কায়সার জাহিদ ভুইয়া প্রথম আলোকে বলেন, ওসিকে সতর্ক করে দিয়ে আদালত তাঁকে অব্যাহতি দিয়েছেন। মো. আজাদ হোসেনের হজে যাওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন। ফলে আজাদের হজে যেতে আইনগত বাধা নেই। আজাদের হজে যাওয়ার সম্ভাব্য দিন ২৭ জুলাই বলে জানান তিনি।