জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামের এক বিধবাকে মৃত দেখিয়ে তাঁর পরিবর্তে আরেকজনকে বিধবাভাতার কার্ড দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সুখনগরী গ্রামের মৃত সৈয়দুজ্জামানের স্ত্রী পিয়ারা বেগম দুই বছর আগে বিধবাভাতার কার্ড পান। পিয়ারা গত বৃহস্পতিবার ভাতার টাকা তুলতে সোনালী ব্যাংক, বালিজুড়ী বাজার শাখায় গেলে ব্যাংকের কর্মকর্তারা তাঁকে জানান, তাঁকে মৃত দেখিয়ে মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র দাখিল করা হয়েছে। পরবর্তী সময়ে ওই ইউপি চেয়ারম্যান ও সদস্য সাজেদা বেগমের সুপারিশে পিয়ারার পরিবর্তে তারতাপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত নাজিমুদ্দিনের স্ত্রী রাবেয়া বেগমকে কার্ড দেওয়া হয়। ইতিমধ্যে রাবেয়া বেগম ছয় মাসের ভাতার টাকাও উত্তোলন করেছেন।বিধবা পিয়ারা বেগম অভিযোগ করেন, ইউপি সদস্য সাজেদা বেগম ও চেয়ারম্যান মোজাম্মেল হক মোটা অঙ্কের উেকাচের বিনিময়ে এই কাজ করেছেন। তবে চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ভুলবশত এটা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিয়ারা বেগমের নামই বহাল থাকবে। ইউপি সদস্য সাজেদা বেগম ও চেয়ারম্যান মোজাম্মেল হককে জরিমানা করা হয়েছে।