জীবিত ব্যক্তির মৃত্যুসনদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের হোসেন আলী ভূঁইয়া (৭৫) বুঝতে পারছেন না তিনি এখন কী করবেন। ২০০০ সাল থেকে তিনি বয়স্ক ভাতা পেয়ে আসছেন। তাঁর বয়স্ক ভাতার কার্ড নম্বর ১১৬৩। গত ২৭ অক্টোবর ভাতার টাকা তুলতে পারঘাট সোনালী ব্যাংকে গেলে তাঁকে জানানো হয়, কার্ডে সমস্যা আছে। ব্যাংকের কর্মকর্তারা তাঁকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেন।গত মঙ্গলবার হোসেন আলী হাজির হন সমাজসেবা কার্যালয়ে। তাঁকে দেখে চমকে ওঠেন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা জিজ্ঞেস করেন, আপনি এখনো বেঁচে আছেন? ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে আপনার মৃত্যুসনদ পাঠানো হয়েছে। তাই আপনার কার্ড বাতিল করে অন্যকে দেওয়া হয়েছে। আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন।এ নিয়ে গত কয়েক দিনের দৌড়-ঝাঁপে হোসেন আলী এখন ক্লান্ত, বিধ্বস্ত। গত বুধবার সিংরইল বাজারে গিয়ে আলাপ হয় তাঁর সঙ্গে। তিনি জানান, গত ১৬ জুন শেষবার ভাতার টাকা তুলেছেন। আর ১২ অক্টোবর তাঁকে মৃত দেখানো হয়েছে।নান্দাইল সমাজসেবা কার্যালয়ের মাঠ পরিদর্শক (ফিল্ড সুপারভাইজার) নূর মোহাম্মদ বলেন, ‘জীবিত মানুষটাকে মৃত দেখানোর বিষয়টি জানতে পারি গত মঙ্গলবার হোসেন আলী যখন অফিসে আসেন। একজন কার্ডধারী যদি মারা যান, তাহলে তাঁর মৃত্যুর সনদ দেন সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান।’সিংরইল ইউপির চেয়ারম্যান হাসিম উদ্দিন জানান, হোসেন আলী ভূঁইয়া জীবিত আছেন। তাঁর মৃত্যু-সম্পর্কিত কোনো সনদ তিনি দেননি। তাঁর ধারণা, ইউনিয়ন পরিষদের কার্যালয়ে তাঁর আগাম স্বাক্ষর করে রাখা সনদ ব্যবহার করে এ ধরনের জালিয়াতি করা হয়েছে।