জীবিত ভাষাসৈনিক মৃতের তালিকায়!
কিশোরগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাসৈনিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। কিন্তু ভাষাসৈনিক আমিনুল হককে প্রয়াত তালিকায় অন্তর্ভুক্ত করে গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়! আমিনুল হককে প্রয়াতদের তালিকায় অন্তর্ভুক্ত করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ভাষাসৈনিক আমিনুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি অনুষ্ঠানে যাব না। কারণ, একুশের অনুষ্ঠান এখন আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। সত্যিকার অর্থেই একুশের আবেগ-অনুভূতি হূদয়ে ধারণ করতে পারছি না বলে আমি জীবিত হলেও মৃত হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক।’জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভাষাসৈনিক তালিকা প্রণয়ন উপকমিটির আহ্বায়ক তুলসী রঞ্জন সাহার সভাপতিত্বে ১৭ ফেব্রুয়ারি কমিটির সাত সদস্যের এক সভায় তালিকা তৈরি করা হয়। এতে আমিনুল হককে মৃত দেখানো হয়। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুলসী রঞ্জন সাহা প্রথম আলোকে বলেন, ‘মুরব্বিদের নিয়ে সভা করেছি। তাঁরা বলতে পারেননি, আমিনুল হক জীবিত আছেন কি না। তাই ভুলবশত এমনটি হয়েছে। তবে তা সংশোধন করে নিচ্ছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা এ ধরনের ভুলকে অমার্জনীয় আখ্যায়িত করে বলেন, এসব বিষয়ে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।