জীবিত মুক্তিযোদ্ধা ভোটার তালিকায় মৃত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে জীবিত এক মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর প্রতিকার চেয়ে ওই মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।উপজেলার ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহম্মেদ। তাঁর নাম বাংলাদেশ গেজেটে (ক্রমিক নং-৩৪৩১) রয়েছে। উপজেলা কার্যালয় থেকে খসড়া ভোটার তালিকায় তাঁর নাম ৫০ নম্বর ক্রমিকে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় তাঁকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করলে তিনি আবেদন করতে বলেন। ২১ জুন আবেদন করলে তিনি জেলা প্রশাসকের কাছে পাঠান।এ ব্যাপারে মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহম্মেদ অভিযোগ করেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে। গেজেটে ও খসড়া তালিকায় আমার নাম আছে। অথচ মৃত দেখায় কী করে! আমি বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি আবেদন করতে বলেছেন। এখানে কিছু না হলে আমি মামলা করব।’ রৌমারী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওদুদ মণ্ডল জানান, নীতিমালায় বলা আছে, মৃত এবং শহীদ মুক্তিযোদ্ধাদের নাম এই তালিকায় থাকবে না। শাহাব উদ্দিন আহম্মেদের নাম গেজেটে আছে। তিনি ভাতা পাচ্ছেন। ওই নাম বাদ যায় কী করে?রৌমারীর ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম শওকত আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘শাহাব উদ্দিন আহম্মেদ যথাসময়ে যোগাযোগ করেননি। তবে ২১ জুন নাম বাদ পড়ার কথা জানালে জেলা প্রশাসকের কাছে নাম অন্তর্ভুক্তির জন্য চিঠি পাঠাই।’