জীবিত হয়েও তিনি মৃত!
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছেন। কিন্তু ভোটার তালিকায় তাঁর নাম নেই। তিনি নাকি মৃত। এ জন্য তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া ওই ব্যক্তি হলেন মো. মাতিউর রহমান। তিনি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী হয়েছিলেন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে গত বৃহস্পতিবার তাঁর প্রার্থিতা বাতিল করা হয়।
মাতিউর রহমান বলেন, ‘আমি গত এমপি (সংসদ) ও উপজেলা ইলেকশনে (নির্বাচন) ভোট দিয়েছি। এলাকায় কারোর সঙ্গে আমার শত্রুতা নেই। আমাকে যাঁরা মৃত দেখিয়ে ভোটার তালিকা তৈরি করছেন, তাঁরা কাজটি ভালো করেননি। তালিকায় আমার নাম নেই, এ বিষয়টি আমি ১০ মে সকালে জানতে পেরেছি। ওই দিনই আমি সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কাছে গিয়ে লিখিত আবেদন করেছি।’
সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুখাইড় রাজাপুর উত্তরের নয়টি ওয়ার্ডে সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মাতিউর রহমানের নাম ভোটার তালিকায় না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৪ জুন এখানে ভোট হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান বলেন, ‘এ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। ওই ইউপির সদস্য পদপ্রার্থী মো. মাতিউর রহমান জীবিত। কিন্তু এলাকায় ভোটার তালিকা তৈরির কাজে নিয়োজিত তদারক কমিটি ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির কাজ-সংশ্লিষ্ট লোকজনের ভুলে তাঁকে মৃত দেখানো হয়েছে। এ নিয়ে এখন আমার কিছুই করার নেই।’
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ সংক্রান্ত লিখিত আবেদন আমি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে চিঠি পাঠিয়েছি।’