জীর্ণ কলেজ ভবনে ভয়ে ভয়ে পাঠদান
বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পেরে মহাখুশি হয়েছিল সাবরিনা ইয়াসমিন। কিন্তু কলেজের পুরোনো ভবনে ক্লাস করতে গিয়ে তার মনটা খারাপ হয়ে গেল। কলেজের শ্রেণীকক্ষের অবস্থা খুব নাজুক। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে পাঠদান। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নতুন ভবন না হওয়ায় তিন বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। জরাজীর্ণ ভবনের ছাদ চুইয়ে যেমন বৃষ্টির পানি পড়ে, তেমনি এর ছাদের পলেস্তারা মাঝেমাঝেই খসে পড়ে। বারবার পলেস্তারা খসে পড়ায় ভবনের বিভিন্ন অংশের রড বেরিয়ে এসেছে।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৫৩-৫৪ সালের দিকে ইন্টারমিডিয়েট (এইচএসসি) ভবন হিসেবে শহরের ফুলবাড়ী এলাকায় বর্তমানে সরকারি আযিযুল হক কলেজের পুরোনো ভবনটি নির্মিত হয়। পাঁচ কক্ষবিশিষ্ট এই একতলা ভবনটিই কলেজের পুরোনো স্থাপনা। এরপর থেকেই সেখানে ক্লাস চলে আসছে। ২০০৮ সালে বগুড়া শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এই ভবন পরিদর্শন করে সে সময়ই তা পরিত্যক্ত ঘোষণা করেছিলেন। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রব নিশতার বলেন, ‘২০০৩ সাল থেকে এই ভবনের জীর্ণ অবস্থা দেখে আসছি। ক্লাস করতে করতে ছাদের পলেস্তারা খসে মাথায় পড়ে। সবসময় মনের মধ্যে আতঙ্ক থাকে।’ শিক্ষার্থী শামীমুল ইসলাম জানায়, তাদের শ্রেণীকক্ষে বৃষ্টির দিনে পানি পড়ে। এ কারণে তারা বই-খাতা বেঞ্চের ওপর রাখতে পারে না। শ্রেণীকক্ষ যেমন বিপজ্জনক, তেমনি বারান্দাও। এ কারণে কক্ষের ভেতরে বা বাইরে কোথাও নিশ্চিন্তে থাকার অবস্থা নেই।বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম আবুল কালাম আজাদ জানান, জরাজীর্ণ এই ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে আগেই ঘোষণা দেওয়া হয়েছে। ভবন নির্মাণের জন্য একনেকের সভায় সাত কোটি টাকা বরাদ্দ মিলেছে। অচিরেই দরপত্র আহ্বান করা হবে। সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম সালামত উল্লাহ বলেন, গত বছর অর্থ বরাদ্দ না থাকার কারণে ভবন নির্মাণ করা যায়নি। ফলে ভবন না থাকায় জরাজীর্ণ ভবনে ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।