নীলফামারীর ডোমার উপজেলা শহরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পিডিবি) সরবরাহ লাইন স্থাপনের ৩৭ বছরেও মেরামত না হওয়ায় গত মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন। ডোমার শহরের স্টেশন সড়কে ১১ কেভি বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে সুমন চন্দ্র দাশ (২৫) নামের এক ব্যক্তি ওই দুর্ঘটনায় মারা যান।
এ সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন আরও ১১ জন। গুরুতর আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ডোমারে পিডিবির লাইন স্থাপনের পর থেকে সংস্কার না হওয়া, ধারণ ক্ষমতার অতিরিক্ত সংযোগ এবং অবৈধ লাইনের মাধ্যমে সংযোগ দেওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
ডোমার উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আইয়ুব আলী বলেন, প্রতি তিন মাস অন্তর লাইন মেরামতের নিয়ম থাকলেও তিন বছরেও সংস্কার হয় না। ধারণ ক্ষমতার বেশি লোড দেওয়া হচ্ছে। উপজেলায় অবৈধ সংযোগ দিয়ে অর্থ আত্মসাৎ করছেন একশ্রেণীর বিদ্যুৎ কর্মচারী। তিনি আরও বলেন, একজন লাইনম্যান তিন-চারজন করে সহকারী নিয়োগ দিয়েছেন। অবৈধ অর্থের মালিক হয়ে ওই সহকারীরা প্রায় সবাই বিলাসবহুল জীবনযাপন করছেন। তাঁরা বৈধ গ্রাহকদের কোনো অভিযোগ শুনতে চান না। প্রায় দুই বছর আগে বিদ্যুতের তার ছিঁড়ে চিকনমাটি মোড়ে একসঙ্গে দুজন মারা যান। প্রায় প্রতিবছরই বিদ্যুতের তারে জড়িয়ে ডোমারে হতাহতের ঘটনা ঘটছে।
ডোমারের ওষুধ ব্যবসায়ী গোলাম রাব্বানী বলেন, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে ওই দুর্ঘটনাটি ঘটল। যে জায়গায় তারটি ছিঁড়ে পড়েছে, সেখানে এমনিতেই রয়েছে পুরোনো লাইন। তা ছাড়া তারের ধারণ ক্ষমতার অতিরিক্ত সংযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ডোমার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মনোরঞ্জন রায় বলেন, ১৯৭৬ সালে ডোমার পিডিবির লাইন স্থাপনের পর থেকে আর কোনো সংস্কারকাজ করানো হয়নি। গত ৩৭ বছরে চাহিদাও বেড়েছে বহু গুণ। লাইনগুলো সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ২০-২৫ দিন আগে পাশের ডিমলা উপজেলা শহরের থানার সামনে ১১ কেভি সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে। ওই সময় সেখানে কোনো লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবারের দুর্ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনি (১৭), ইউনুস আলী (৩০), আবদুল ওহাব (১৫), খেরু রায় (২৭) ও গৌর চন্দ্র সাহা (৩৫)। তাঁদের মধ্যে গৌর সাহার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর রহমান বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।