জীর্ণ ভবন, মানবেতর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় তলায় এক হাজার ৫০০ বর্গফুটের জরাজীর্ণ একটি কামরা। পুলিশের ২০ জন সদস্য গাদাগাদি করে থাকেন সেখানে। কামরার দুই পাশে পাশাপাশি ১০টি করে চৌকি রাখা আছে। একটি থেকে অন্যটির দূরত্ব এক হাতের বেশি নয়। আলনা রাখার জায়গা পর্যন্ত নেই। টিনের চালা মরিচায় ক্ষয়ে গেছে। বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। তাই মাথার ওপর টাঙানো হয়েছে পলিথিন। এটি যশোরের বেনাপোল বন্দর থানার পুলিশ ব্যারাকের চিত্র।প্রতিষ্ঠার ১০ বছরেও বন্দর থানার নামে কোনো ভবন বরাদ্দ দেওয়া হয়নি। বন্দর কর্তৃপক্ষের একটি জরাজীর্ণ ভবনে চলছে থানার কার্যক্রম। দ্বিতল ওই ভবনের নিচতলার একটি কামরা ও বারান্দা ভেঙে তিনটি কক্ষ বানিয়ে থানার কার্যক্রম চলছে। এর ছোট্ট একটি কক্ষে বসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। একটিতে বসেন চার উপপরিদর্শক ও অপর কক্ষটি হাজতখানা হিসেবে ব্যবহূত হয়।যশোরের পুলিশ সুপার কামরুল আহসান প্রথম আলোকে বলেন, বেনাপোল বন্দর থানার নিজস্ব কোনো ভবন নেই। বন্দর কর্তৃপক্ষের একটি জরাজীর্ণ ভবনে থানার কার্যক্রম চালানো হয়। পুলিশের সদস্যরা অত্যন্ত কষ্টের মধ্যে ব্যারাকে বসবাস করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। তার পরও থানার ভবন নির্মাণের জন্য বেনাপোল পৌর এলাকার মধ্যে জমি খোঁজা হচ্ছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, যশোর-বেনাপোল সড়কের বন্দর পরিচালকের কার্যালয়ের পাশেই ১৭ শতাংশ জমির ওপর থানার একটি জরাজীর্ণ ভবন। ওসির কক্ষের শৌচাগারের ছাদ ও দেয়ালে লম্বা ফাটল দেখা দিয়েছে। পুলিশের সদস্যরা বাইরের শৌচাগারটি ব্যবহার করেন, যার সেপটিক ট্যাংকে ঢাকনা নেই। নালাটিও দীর্ঘদিন পরিষ্কার করা হয় না। দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ। পুলিশের সদস্যরা জানান, বর্ষার পানির সঙ্গে শৌচাগারের মলমূত্র ভাসতে ভাসতে থানার মধ্যে ঢুকে পড়ে।বন্দর থানার ওসি শামীম মূসা জানান, থানার কার্যক্রম পরিচালনার জন্য বন্দর পরিচালকের কাছে বন্দর কর্মচারীদের থাকার একটি ব্যারাক চাওয়া হয়েছিল। কিন্তু সেটা দেওয়া হয়নি। দুই বছর আগে নির্মাণ করে ফেলে রাখা কাস্টমস হাউসের গবেষণাগারের দ্বিতল ভবনটিও চাওয়া হয়।বন্দরের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সম্প্রতি বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন। এ সময় তিনি থানার দুরবস্থা দেখে বন্দরের নিয়ন্ত্রণে একটি ভবন নির্মাণ করে থানার কার্যক্রম চালানোর জন্য প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী একটি প্রস্তবনা পাঠানোর প্রস্তুতি চলছে।