দরজা-জানালা ভেঙে গেছে। দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও দেয়াল ফুঁড়ে গাছপালা ও লতা বের হয়ে আছে। এই দুরবস্থা ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলোর।
বছরের পর বছর চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা পরিবারের সদস্যদের নিয়ে এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত ভবন নির্মাণের সময় চিকিৎসকদের জন্য একটি দোতলা আবাসিক ভবন নির্মাণ করা হয়। ‘শান্তি নীড়’ নামে এ ভবনটিতে চারটি পরিবারের বসবাস করার জায়গা রয়েছে। পাশে রয়েছে ‘ছায়াবিথী’ নামে আরও একটি ভবন। সেখানে পাঁচটি পরিবার বাস করতে পারে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে এখন চিকিৎসকের সংখ্যা ৩৬। আবাসনের সুবিধা রয়েছে মাত্র নয়টি পরিবারের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শান্তি নীড় নামের ভবনটি ২০০৭ সালে নির্মাণ করা হয়। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ইতিমধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। দরজা-জানালা ভেঙে গেছে। এদিকে ১৯৭৬ সালে নির্মিত ছায়াবিথী নামের ভবনটি সংস্কারের অভাবে এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
গত সপ্তাহে শান্তি নীড় নামের ভবনটি পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি কক্ষের কাঠের দরজা ভাঙাচোরা। বাসিন্দারা দরজায় পর্দা ও কাঠের পাল্লা লাগিয়ে নিয়েছেন। এই ভবনের নিচতলার বাসিন্দা চিকিৎসা কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, বৃষ্টি হলেই ভবনের আশপাশের ঝোপঝাড়ে পানি জমে। দরজা না থাকায় তখন সাপ ও ব্যাঙ ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে। পাশের ছায়াবিথী নামের ভবনের দেয়াল ফুঁড়ে গাছপালা জন্মেছে। ভবনের চারপাশে লতা জড়ানো। বিভিন্ন কক্ষের জানালা নেই। বাসিন্দারা চাটাই ও বড়ইগাছের কাঁটাযুক্ত ডাল জানালায় বেঁধে রেখেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন রয়েছে মাত্র তিনটি। এসব ভবনে ১৬টি পরিবারের লোকজন বাস করে। এসব ভবনের পয়োনিষ্কাশনের পাইপ ফেটে মলমূত্র ও দুর্গন্ধযুক্ত পানি দেয়াল চুইয়ে নিচে পড়ছে। এই ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে চিকিৎসা সহকারী মো. কামরুজ্জামান বলেন, ভবনগুলো মানুষ বসবাসের উপযোগী নয়। তবু বাধ্য হয়ে সেখানে বসবাস করতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম জানান, ভবনগুলোর দুরবস্থার বিষয়টি তিনি সিভিল সার্জনকে জানিয়েছেন।