জীর্ণ ভবনে দপ্তর চলে ৪৭ বছর

ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে। খসে পড়েছে পুরো ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা। অধিকাংশ দরজা ও জানালার কাঠ ভাঙা। দেয়ালে ফাটল। মেঝের আস্তরণ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। নেই কোনো শৌচাগার আর পানির ব্যবস্থা। আর এ জরাজীর্ণ ভবনে ৪৭ বছর ধরে কাজ চালিয়ে আসছেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে জানায়, নগরের জিন্দাবাজার এলাকার এই কার্যালয়ে জেলার পাশাপাশি সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ও পরিচালিত হচ্ছে। এখানের দুটি ভবনের মধ্যে একটিতে উপজেলা কার্যালয় এবং অপরটিতে জেলা কার্যালয়ের কাজ চলছে। ১৯৩৪ সালে ভবন দুটি নির্মিত হলেও ১৯৬৭ সাল থেকে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এ ভবনে কাজ শুরু করে। নির্মাণের পর থেকে কোনো সংস্কারকাজ না হওয়ায় এখন ভবন দুটি ব্যবহারের প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানায়, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ভবনটিতে কক্ষ রয়েছে পাঁচটি। এর মধ্যে চারটিতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বসেন এবং অপরটি গুদাম হিসেবে ব্যবহার হচ্ছে। বর্তমানে ওই কার্যালয়ে ২২৩ পদের বিপরীতে ১০১ জন কর্মরত রয়েছেন। তবে কর্মরতদের স্থান সংকুলান কোনোভাবেই চারটি কক্ষে হচ্ছে না। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ভবনটিতে তিনটি কক্ষ রয়েছে। ৩১ পদের বিপরীতে এখানে ১৯ জন কর্মরত রয়েছেন। পর্যাপ্ত স্থানের অভাবে তাঁরাও ঠেসাঠেসি করে বসছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক পল্লব হোম দাস জানান, পুরোনো আমলের ভবনটি সংস্কার করে যুগোপযোগী না করায় স্থান সংকুলান হচ্ছে না। এতে কর্মকর্তা-কর্মচারীদের প্রায় সময় দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ সেরে নিতে হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী রণজিৎ পাল বলেন, ‘পানির কোনো সংযোগ না থাকায় আমাদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। পানির অভাবে কাপ-প্লেট ধোয়া ও কক্ষগুলো নিয়মিত পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ছে।’
সরেজমিনে দেখা গেছে, ভবনের ছাদ ছুইয়ে গত বর্ষা মৌসুমে পানি পড়ায় বেশ কিছু জরুরি কাগজপত্র নষ্ট হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কোনো শৌচাগার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। নলকূপ বা পানির কোনো সংযোগ না থাকায় বাসা থেকে পানি এনে বা কিনে পানির সংকট দূর করতে হচ্ছে। প্রয়োজনীয় আসবাবের সংকটে জরুরি কাগজপত্র সংরক্ষণ করা যাচ্ছে না। এত সব সমস্যার কারণে দৈনন্দিন কাজ চালাতে কার্যালয়ে কর্মরত ব্যক্তিরা হিমশিম খাচ্ছেন বলে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।
সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল আলম সিদ্দিকী জানান, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের স্থানটি নিয়ে একটি মামলা বিচারাধীন থাকায় ভবন দুটিতে কোনো ধরনের সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। বেশ কয়েক বছর আগে এ জায়গার মালিকানা দাবি করে একটি পক্ষ মামলা দায়ের করে। এ অবস্থায় নতুন করে ভবন নির্মাণের প্রস্তাব বা সংস্কারকাজ করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কোনো প্রকল্পের প্রস্তাব পাঠানো সম্ভব হচ্ছে না।