জুঁই হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
জুঁই (১২) নামের এক শিশুকে শরীরে গরম পানি ঢেলে হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা ও পঞ্চগড় নাগরিক অধিকার ফোরাম। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্ক মোড়ে গতকাল সকালে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে মানবাধিকারকর্মী ও স্থানীয় বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।
জুঁই পঞ্চগড়ের বোদা উপজেলার কুড়ালিপাড়ার জয়নাল আবেদিনের মেয়ে। সে দিনাজপুরে আলমগীর নামের এক ব্যক্তির বাড়িতে গৃহকর্মীর কাজ করত। সম্প্রতি আলমগীরের বাড়িতে তার শরীরে গরম পানি ঢেলে দেন গৃহকর্ত্রী। একপর্যায়ে ৪ আগস্ট বিনা চিকিৎসায় আলমগীরের বাড়িতেই জুঁই মারা যায়। ওই দিন রাতেই বোদার প্রভাবশালী একটি মহলের মধ্যস্থতায় গভীর রাতে দাফন করা হয় জুঁইয়ের লাশ। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
মানববন্ধনে পঞ্চগড় জেলা চাইল্ড লেবার অ্যালিমিনেশন নেটওয়ার্কের (িক্লন) সাধারণ সম্পাদক আকতারুন নাহার, মানবাধিকার সংগঠন অধিকারের জেলা সমন্বয়কারী সফিকুল আলম, দারিদ্র্য কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজালাল, নাট্যকর্মী সরকার হায়দার, বন্ধুসভার সভাপতি আসমা আক্তার, বন্ধুসভার মকবুলার রহমান, সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, জুঁই হত্যার ঘটনা পুলিশ জানতে পারলেও মামলা বা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে উদ্যোগ নেয়নি। গৃহকর্ত্রীর দেওয়া গরম পানিতে ঝলসে বিনা চিকিৎসায় গৃহকর্মী জুঁইয়ের মৃত্যুর বিষয়টি তিন লাখ টাকায় সমঝোতা করা হয়েছে। টাকার বিনিময়ে সমঝোতা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই জুঁইয়ের লাশ দাফন করা হয়। বক্তারা অবিলম্বে শিশু গৃহকর্মী জুঁইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণার হুঁশিয়ারি দেন।
এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। কিন্তু এখানে এ বিষয়ে কোনো মামলা হবে না। মামলা করতে হলে ঘটনাস্থলের সংশ্লিষ্ট থানায় করতে হবে। আমাকে বিরক্ত করছেন কেন?’
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। কেউ বাদী হয়ে মামলা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এ নিয়ে ৬ আগস্ট প্রথম আলোতে ‘নির্যাতনে গৃহকর্মীর মৃত্যু, তিন লাখ টাকায় সমঝোতা!’ শীর্ষক খবর প্রকাশিত হয়।