জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়েছে। কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান গতকাল মঙ্গলবার কাজ শুরু করে।
এ ছাড়া নির্ধারিত জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্মোচিত ভিত্তিপ্রস্তরের ফলক প্রতিস্থাপন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাছিরপুর পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তরের ফলক প্রতিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন।
এতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। এর আগে হুইপ শাহাব উদ্দিন ভিত্তিপ্রস্তরের ফলক প্রতিস্থাপন করেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ভবনের ভিত্তি স্থাপনের কাজ শুরু হয়েছে।
গত ২ জুলাই প্রথম আলোয় ‘জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দরপত্র আহ্বানের সাত মাসেও শুরু হয়নি কাজ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।