জুড়ী ও বড়লেখায় হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় আজ বুধবার জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতাল প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদের (৬২) মৃত্যুর কারণে এ হরতাল প্রত্যাহার করা হয়।

জামায়াতে ইসলামীর জুড়ী উপজেলা কমিটির আমির আবদুর রহমান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘গিয়াস উদ্দিন আহমদ সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সুবিধার্থে দুটি উপজেলা কমিটির নেতারা গতকাল রাত ১০টার দিকে বৈঠক করে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।’

হরতাল প্রত্যাহারের বিষয়টি স্থানীয় লোকজনকে জানাতে গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করেছে দলটি।

গিয়াস উদ্দিন আহমদ হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকাল আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। আজ বেলা দুইটার দিকে দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা হওয়ার কথা।