জুড়ী-বড়লেখা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা সড়কের হাতলিঘাট এলাকায় নির্মাণাধীন ধলছড়া কালভার্টের পাশের বিকল্প বেইলি সেতুর দুই পাশের কাঁচা সংযোগ সড়ক গতকাল বুধবার বিকেলে ধসে গেছে। এতে সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জুড়ী-বড়লেখা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। এতে ধলছড়ার উজান থেকে পাহাড়ি ঢল নামে। বেলা সোয়া তিনটার দিকে পানির তোড়ে পার্শ্ববর্তী বিকল্প বেইলি সেতুর দুই পাশের সংযোগ সড়কের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়। খবর পেয়ে সওজ অধিদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত সন্ধ্যা ছয়টার দিকে জানান, ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে তাঁদের লোকজন চেষ্টা চালাচ্ছেন।