জুড়ীতে অবাধে চলছে 'কোচিং বাণিজ্য'
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে ‘কোচিং বাণিজ্য’ চলছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বছর খানেক আগে উপজেলা তদারকি দল (মনিটরিং কমিটি) সভায় কোচিং (শিক্ষা) বাণিজ্যে জড়িত শিক্ষকদের তালিকা চাওয়া হলেও এখনো তা পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষক কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এসব শিক্ষক নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করান। শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে (এক মাসে ১২টি ক্লাস) মাথাপিছু ৪০০ থেকে ৫০০ টাকা করে ফি নেওয়া হয়। এক ঘণ্টা করে একাধিক দলে (ব্যাচ) শিক্ষার্থীদের কোচিং করানো হয়। একেকটি দলে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী থাকে। কয়েকজন শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরুর আগে ও পরে শ্রেণীকক্ষ ব্যবহার করেও কোচিং করান। নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে কোচিং না করলে ওই শিক্ষকেরা তাদের বকাঝকা করেন। পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি-ধমকি দেন। কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালে প্রণীত নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষক তাঁর নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাতে পারবেন না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে আগে অনুমতি সাপেক্ষে দৈনিক বা প্রতিদিন অন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সীমিতসংখ্যক (সর্বোচ্চ ১০ জন) শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে লিখিতভাবে শিক্ষার্থীদের শ্রেণী ও রোল নম্বরসহ তালিকা প্রদান করতে হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষক শিক্ষার্থীদের কোচিংয়ের ব্যাপারে উৎসাহিত বা বাধ্য করাতে পারবেন না। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরুর আগে ও পরে আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবকদের আবেদনের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে পারবেন। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ১৫০ টাকা করে ফি রসিদের মাধ্যমে আদায় করতে হবে। ওই ফি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের নিয়ন্ত্রণে একটি আলাদা তহবিলে জমা থাকবে। এর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের পানি, বিদ্যুৎ, গ্যাস ও সহায়ক কর্মচারীদের ব্যয় বাবদ ১০ শতাংশ কর্তন করে বাকি টাকা অতিরিক্ত ক্লাসে নিয়োজিত শিক্ষকদের মধ্যে বণ্টন করা হবে। সম্প্রতি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে জানা গেছে, এসব নিয়ম না মেনেই কোচিং চলছে। এ ব্যাপারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বছরের ২৯ আগস্ট তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে কোচিং বাণিজ্য বন্ধে উপজেলা মনিটরিং কমিটির একটি সভা হয়। ওই সভায় কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের তালিকা তৈরি করতে উপজেলা সদরে অবস্থিত তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাসকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়। এই উপকমিটিকে ১৫ দিনের মধ্যে তালিকা তৈরি করে মনিটরিং কমিটির সদস্যসচিব বরাবর পাঠাতে বলা হয়।
উপজেলা মনিটরিং কমিটির সদস্যসচিব ও জুড়ীতে অতিরিক্ত দায়িত্বে থাকা বড়লেখা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব বলেন, ‘এখনো তালিকা পাইনি। পরে কমিটির কোনো সভাও হয়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’